Advertisement
E-Paper

তপ্ত গরমের মধ্যেই ভোট ছয় জেলায়! উত্তরের আট জেলায় প্রথম দফার দিনে ঝড়বৃষ্টি, সপ্তাহান্তে কালবৈশাখী দক্ষিণবঙ্গে

আগামী সাত দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনও হেরফের হবে না। রাজ্যের পশ্চিমের জেলাগুলির কিছু অংশে আগামী সাত দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১১:৫১
সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলায়।

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলায়। — ফাইল চিত্র।

হাঁসফাঁস গরমের মধ্যেই বৃহস্পতিবার ভোট দিতে হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার ভোটারদের। ছয় জেলায় রয়েছে অস্বস্তিকর গরমের সতর্কতা। উত্তরবঙ্গে আবার ভোট দিতে গিয়ে ঝড়বৃষ্টির মুখে পড়তে হতে পারে ভোটারদের। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। তবে তাতে দহনজ্বালা খুব একটা জুড়োবে না। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাত দিন তাপমাত্রার হেরফের হবে না। উল্টে স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশি থাকবে তাপমাত্রা।

রাজ্যে প্রথম দফার বিধানসভা ভোট বৃহস্পতিবার। উত্তর থেকে দক্ষিণের ১৬টি জেলায় হবে ভোটগ্রহণ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহের পাশাপাশি, জঙ্গলমহলেও প্রথম দফায় নির্বাচন রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদে এই দফাতেই ভোট হবে। অন্য দিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও এই দফায় ভোটগ্রহণ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেতেপুড়ে প্রচার সেরেছেন প্রার্থীরা। ভোটের দিনেও মিলবে না স্বস্তি।

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে গরম এবং অস্বস্তির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই ছয় জেলাতেই ভোট রয়েছে বৃহস্পতিবার। শুক্রবার এই জেলাগুলিতে গরমের পাশাপাশি ঝড়বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। ওই দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের পাশাপাশি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির পাশাপাশি কয়েক জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। রবি, সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। জেলার সর্বত্র ঝড়বৃষ্টি হবে না।

Advertisement

আগামী সাত দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনও হেরফের হবে না। রাজ্যের পশ্চিমের জেলাগুলির কিছু অংশে আগামী সাত দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। প্রথম দফার ভোট রয়েছে সেখানেই। দক্ষিণবঙ্গের পূর্ব এবং উপকূলীয় জেলাগুলির কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। উপকূলীয় জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮০ থেকে ৯৫ শতাংশ। রাজ্যের মধ্যভাগের জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭৫ থেকে ৮৫ শতাংশ। ফলে ভ্যাপসা গরম ভোগাবে বঙ্গবাসীকে।

উত্তরবঙ্গের আট জেলাতেই বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। বৃহস্পতিবার ওই আট জেলাতেই রয়েছে ভোট। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী সাত দিন সেখানে তাপমাত্রার হেরফের হবে না।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy