E-Paper

হাওড়ার পুর কর্মচারী সমিতি দখল বিজেপির, চলছে কার্যালয় ভাঙচুর

ভোটের ফল ঘোষণার পরের দিনই হাওড়া পুরসভা থেকে তৃণমূলের ব্যানার, পতাকা খুলে সেখানে দলীয় পতাকা লাগিয়েছিল বিজেপি। এ দিন দুপুরে নেতা-কর্মীদের নিয়ে সেখানে পৌঁছন গৌরাঙ্গ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৯:১২

— প্রতীকী চিত্র।

এ বার হাওড়া পুরসভার কর্মচারী সমিতির দখল নিল বিজেপি। বুধবার দলীয় নেতৃত্বের সঙ্গে পুরসভায় গিয়ে পুর কর্মচারীদের দাবিদাওয়ার কথা শোনেন বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য। এর পরে পুর কমিশনারের সঙ্গে দেখা করে বর্ষার আগে নিকাশি ব্যবস্থা কী ভাবে উন্নত করা যায়, তা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তিনি জানান, বিজেপি সরকার গঠনের পরেই হাওড়া পুরসভার ভোট করার প্রস্তাব তাঁরা সরকারের কাছে পাঠাবেন।

ভোটের ফল ঘোষণার পরের দিনই হাওড়া পুরসভা থেকে তৃণমূলের ব্যানার, পতাকা খুলে সেখানে দলীয় পতাকা লাগিয়েছিল বিজেপি। এ দিন দুপুরে নেতা-কর্মীদের নিয়ে সেখানে পৌঁছন গৌরাঙ্গ। পুরসভার কর্মচারী সমিতির অফিসের সামনে সিঁড়িতে বসে পুরকর্মীদের সঙ্গে কথা বলেন ও দাবিদাওয়া খাতায় লিখে রাখেন। পুরকর্মীরা তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত থাকার এবং অবসরের পরে পেনশন না পাওয়ার মতো অভিযোগ করেন। এর পরেই পুর কমিশনার প্রসেনজিৎ চক্রবর্তীর সঙ্গে দেখা করেন বিজেপির জেলা সভাপতি। প্রতি বর্ষায় জমা জলের সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি, আসন্ন বর্ষায় নিকাশি ব্যবস্থা কী ভাবে উন্নত করা যায়, তা নিয়ে আলোচনা করেন তাঁরা।

এ দিকে, ভোটের ফল প্রকাশের তিন দিন পরেও হাওড়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা অব্যাহত। বিজেপি নেতৃত্ব বার বার নেতা-কর্মীদের হিংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকতে বললেও মঙ্গলবার রাত থেকে বুধবার দিনভর উত্তর থেকে দক্ষিণ হাওড়া— প্রায় সর্বত্রই বিজেপির ঝান্ডা নিয়ে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে এক দল উচ্ছৃঙ্খল যুবককে। দলীয় কার্যালয় ভাঙচুর থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের মারধরের ঘটনা যেমন ঘটেছে, তেমনই আবার দখল হওয়া তৃণমূল কার্যালয়ের তালা খুলে দলীয় নেতৃত্বের হাতে বিজেপির পক্ষ থেকে চাবি তুলে দিতেও দেখা গিয়েছে এ দিন।

মঙ্গলবার গভীর রাত পর্যন্ত উত্তর হাওড়ার ১০, ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর ও দলীয় কর্মীদের মারধরের ঘটনা ঘটে। এলাকার সদ্য নির্বাচিত বিজেপির বিধায়ক উমেশ রাই বলেন, ‘‘রাত ২টো পর্যন্ত বিভিন্ন জায়গায় তৃণমূলের লোকেরাই বিজেপির ঝান্ডা হাতে নিজেদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। বিজেপির কেউ এ সব করছে না। পুলিশকে বলেছি কঠোর ব্যবস্থা নিতে।’’ বুধবারও দক্ষিণ হাওড়ার ৪৫ নম্বর ওয়ার্ডের লিচুবাগান, নাজিরগঞ্জ এলাকায় তৃণমূল সমর্থকদের একাধিক দোকান, বাড়ি ভাঙচুর করা হয়। ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয় ভাঙচুরের খবর পেয়ে পুলিশ এলে বিজেপির পতাকা নিয়ে আসা যুবকেরা পালিয়ে যায়। হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া বলেন, ‘‘ভোট-পরবর্তী হিংসার ঘটনা কোনও ভাবে বরদাস্ত করাহবে না। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP Bengal post-poll Violence Howrah

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy