E-Paper

বিজেপির বিধবা ভাতা নিয়ে পোস্ট করে প্রশ্ন দেবাংশুর

নলডাঙার নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ওই প্রতিজ্ঞা পত্র প্রকাশ করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১০:২৯
চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

তারা রাজ্যে ক্ষমতায় এলে বিধবা ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে প্রতি মাসে তিন হাজার টাকা করবে বলে প্রচার করছে বিজেপি। এ নিয়ে ‘সংকল্প পত্র’ও প্রকাশ করেছে তারা। সিঁদুর পরা এক মহিলার ছবি সংবলিত তেমন এক ‘সংকল্প পত্র’ সমাজমাধ্যমে পোস্ট করে প্রশ্ন তুললেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বিস্ময়ও প্রকাশ করেছেন তিনি। বিজেপি এমন কোনও ছবি সংবলিত ‘সংকল্প পত্রের’ কথা মানছে না।

দেবাংশু বলেন, ‘‘বাঙালি সংস্কৃতির ন্যূনতম জ্ঞান নেই বিজেপির। না, হলে এ রকম ছবি দিয়ে কেউ ‘বিধবা’ শব্দ লেখে!’’ ওই পত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা এবং দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও ছবি রয়েছে।

চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগের দাবি, ‘‘বিজেপির সংকল্প পত্র হলে আমাদের কাছেও আসত। ওই রকম কোনও লিফলেট আমাদের কাছে আসেনি।’’ তাঁর অভিযোগ, এটা তৃণমূলের চক্রান্ত। তৃণমূল সুবীরের অভিযোগ মানেনি।

সোমবার নিজের কেন্দ্রের জন্য ইস্তাহার প্রকাশ করেন দেবাংশু। ‘২৬-এ ৩৬ প্রতিজ্ঞা দেবাংশুর’ নামে ওই পত্র আগামী কয়েক দিনের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

এ দিন নলডাঙার নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ওই প্রতিজ্ঞা পত্র প্রকাশ করা হয়। ছিলেন, চুঁচুড়ার পুরপ্রধান সৌমিত্র ঘোষ, শহর তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পোলবা-দাদপুর ব্লক তৃণমূলের সভাপতি শুভেন্দু ঘড়া প্রমুখ। তৃণমূল থাকলে আগামী ১০ বছরে এই বিধানসভার উন্নয়নে কী কী করা হবে, তারই ৩৬ রকম ফিরিস্তি রয়েছে ওই পত্রে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Chinsurah Debangshu Bhattacharya TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy