E-Paper

রাহুলের সভার অনুমতি না মেলায় ক্ষুব্ধ কংগ্রেস

কয়েক দিন আগে ওই মাঠে নির্বাচনী জনসভা করেছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৯:৩৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অনুমতি না মেলায় বৃহস্পতিবার শ্রীরামপুর স্টেডিয়ামে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সভা করা যায়নি। এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা শ্রীরামপুরের প্রার্থী শুভঙ্কর সরকার। তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শ্রীরামপুর পুরসভার পাশে শহর কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে শুভঙ্কর অভিযোগ করেন, স্টেডিয়াম কর্তৃপক্ষ রাহুলের সভার অনুমতি দেননি। তিনি জানান, আগামিকাল, শনিবার শ্রীরামপুরে সভা করবেন রাহুল। মোল্লাবেড়ে দিল্লি রোডে পাশে একটি মাঠে ওই সভা হবে। হেলিকপ্টারে ডানকুনি কোল কমপ্লেক্সের মাঠে নামবেন রাহুল। সভাস্থলে পৌঁছবেন বেলা দেড়টায়।

কয়েক দিন আগে ওই মাঠে নির্বাচনী জনসভা করেছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে শুভঙ্করের বক্তব্য, ‘‘কংগ্রেস একটি রাজনৈতিক দল। তারা মাঠের অনুমতি চেয়েছিল। মাঠ কর্তৃপক্ষের তা দেওয়া উচিত ছিল।’’ প্রদেশ কংগ্রেস সভাপতির সংযোজন, ‘‘যে কোনও কারণে তারা (তৃণমূল) রাহুল গান্ধীকে ভয় পেয়েছে। কংগ্রেসকে ভয় পাচ্ছে। শ্রীরামপুরের প্রার্থী আমাকে ভয় পাচ্ছেন।’’

শ্রীরামপুরের পুর-পারিষদ তথা শহর তৃণমূল সভাপতি সন্তোষ সিংহ ওরফে পাপ্পু দলের প্রার্থী তন্ময় ঘোষের নির্বাচনী এজেন্ট হয়েছেন। তিনি শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক। এই উল্লেখ করে শুভঙ্কর বলেন, ‘‘তিনি (তৃণমূল প্রার্থী) নিজে বলতে পারতেন যে রাজনীতিতে এটা (সভার অনুমতি না দেওয়া) স্বাস্থ্যকর বিষয় নয়। বিজেপির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সবাই প্রচারের অনুমতি পাচ্ছেন। একমাত্র কংগ্রেসের ক্ষেত্রে এই মনোভাব কেন!’’

বিষয়টির সঙ্গে রাজনীতির প্রসঙ্গ উড়িয়ে সন্তোষের দাবি, বৃহস্পতিবার মহকুমা ক্রিকেট লিগের খেলা থাকায় মাঠ দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, ‘‘সংস্থার তরফে প্রশাসনকে খেলার সূচি আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এ ছাড়াও, সভা হলে ক্রিকেট পিচের ক্ষতি হবে। তাতে লিগের খেলা বিলম্ব হত। মুখ্যমন্ত্রীর সভা যখন হয়েছে, সেই সময় খেলা ছিল না।’’ তাঁর সংযোজন, ‘‘খেলা না থাকলে যে কোনও রাজনৈতিক দলকেই মাঠে সভা করার অনুমতি দেওয়া হয় এবং হবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Serampore Congress

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy