মাস দশেক আগে মারা গিয়েছেন দলীয় নেতা। তাঁর নাম ঠাঁই পেল শাসকদলের অঞ্চল কমিটিতে! এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের ‘গোষ্ঠীকোন্দল’ প্রকাশ্যে এল হুগলির আরামবাগে।
সদ্যই তৃণমূলের মলয়পুর ১ নম্বর অঞ্চল কমিটির তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় অঞ্চল সভাপতি, সম্পাদক-সহ চার পদের পাশাপাশি ১৪ জন সদস্যের নামও রয়েছে। সেখানেই শ্রীকান্ত সরকারের নাম। স্থানীয় তৃণমূল কর্মীদের বক্তব্য, শ্রীকান্ত দশ মাস আগেই মারা গিয়েছে। শ্রীকান্তের পরিবারও জানাচ্ছে, হৃদ্ রোগে তিনি মারা যান।
এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে প্রবীর মুখোপাধ্যায় নামে এক নেতা বলেন, ‘‘দলের খারাপ সময়ে যাঁরা সামনের সারিতে থেকে লড়াই করেছেন, তাঁরাই আজ অবহেলিত। বিধানসভা ভোটের সময় যাঁরা লড়লেন, তাঁদেরই বাদ দেওয়া হয়েছে।’’ কাউকে কিছু না জানিয়ে তালিকা তৈরি করা হয়েছে বলে অভিযোগ তোলেন তৃণমূল কর্মীদের একাংশ। এ ব্যাপারে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে প্রশ্ন করা হলেন তিনি বলেন, ‘‘দলীয় বিষয় জেলা সভাপতি বলতে পারবেন। আমি কিছু জানি না।’’
আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রমেন্দু সিংহরায়ের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন তোলেননি। আরামবাগ ব্লক সভাপতি শিশির সরকার অবশ্য বলেন, ‘‘হয়তো ভুল করেই হয়েছে।’’
এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, ‘‘দলীয় কর্মীর অভাব। তাই মৃতদের কমিটিতে রাখা হচ্ছে! এত দিন মৃতদের নাম ভোটার তালিকায় দেখা যেত। এখন অঞ্চল কমিটির তালিকাতেও!’’