Advertisement
E-Paper

Protest: বিজেপি-র প্রার্থিতালিকা নিয়েও ক্ষোভ বিভিন্ন জেলায়, উত্তরবঙ্গে তৃণমূলে যোগ তিন নেতার

প্রার্থিতালিকা প্রকাশের পরই হুগলির শ্রীরামপুরে বিজেপি-র জেলা কার্যালয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১০

নিজস্ব চিত্র।

তৃণমূলের পুরভোটের প্রার্থিতালিকা নিয়ে রাজ্য জুড়ে দলীয় কর্মী বিক্ষোভের মাঝেই এ বার বিজেপি-র প্রার্থিতালিকা নিয়ে অসন্তোষের খবর প্রকাশ্যে এল বেশ কয়েকটি জেলা থেকে। সোমবার পুরভোটের প্রার্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি। এর পর থেকেই দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের বিক্ষোভ দেখা গিয়েছে।

প্রার্থিতালিকা প্রকাশের পরই হুগলির শ্রীরামপুরে বিজেপি-র জেলা কার্যালয়ে বিক্ষোভ শুরু করেন বিজেপি নেতা-কর্মীরা। রিষড়া থেকেও দলীয় কর্মীরা সেখানে এসে জানান, তাঁরাও মানছেন না এই তালিকা। পছন্দের প্রার্থীকে টিকিট না দিলে তাঁরা পদত্যাগও করবেন বলে হুঁশিয়ারি দিয়েছে। রিষড়া মণ্ডল সভাপতি বিজয় পাণ্ডে বলেন, ‘‘যাঁদের টিকিট দিলে রিষড়া পুরসভায় জেতা যেত, তাঁদের টিকিট দেওয়া হয়নি। এই তালিকা বদল না হলে পদত্যাগ করব।’’ তৃণমূলের সঙ্গে আঁতাঁত করে টাকার বিনিময়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে, নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে এই মর্মে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি-র জেলা কার্যালয়ের মূল গেট তালা মেরে বন্ধ করে দেন দলের কর্মীরাই। যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি অর্জুনের তরফে। বিক্ষুব্ধ কর্মীদের বক্তব্য, কৃষ্ণনগর পুরসভার প্রার্থিতালিকা দুর্নীতিতে ভরা। এক কর্মী বলেন, ‘‘যত ক্ষণ না রাজ্য নেতৃত্ব আমাদের সঙ্গে আলোচনা করবেন, তত দিন এই অফিস বন্ধ থাকবে।’’ জঙ্গিপুর সাংগঠনিক জেলার দু’টি পুরসভার প্রার্থিতালিকা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন বিজেপি কর্মীরা।

উত্তরবঙ্গের ফালাকাটা পুরসভার প্রার্থিতালিকা ঘোষণার দিনেই তৃণমূলে যোগদান করলেন বিজেপি-র পঞ্চায়েত সদস্য নীলিম সরকার, দলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান ও মণ্ডল সভাপতি গৌতম সরকার এবং বুথ সভাপতি কালিদাস সরকার। এ বিষয়ে বিজেপি-র মণ্ডল আহ্বায়ক চন্দ্রশেখর সিনহা বলেন, ‘‘উনি প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দল ওঁকে প্রার্থী করেনি। সে জন্যই তৃণমূলে গিয়েছেন উনি।’’ পাল্টা ফালাকাটায় তৃণমূলের ব্লক সভাপতি সুভাষচন্দ্র রায় বলেন, ‘‘ফালাকাটাকে পুরসভায় মর্যাদা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের উন্নয়নের শরিক হতেই থাকতে সবাই যোগদান করছেন।’’

BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy