E-Paper

দু’মাস ধরে বেতন অমিল, সাফাই বন্ধ অস্থায়ী পুরকর্মীদের

পুরসভার ২৪টি ওয়ার্ড মিলিয়ে বিরাট এলাকা জুড়ে উত্তরপাড়া পুরসভা। কিন্তু মাঝে মাঝেই সাফাই কর্মীরা বেঁকে বসায় আবর্জনায় শহরবাসীর নাভিঃশ্বাস ওঠে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৮:০৯
বিক্ষোভ দেখাচ্ছেন সাফাই কর্মীরা।

বিক্ষোভ দেখাচ্ছেন সাফাই কর্মীরা। নিজস্ব চিত্র ।

টানা দু’মাস বেতন না মেলায় ভোটপর্ব মিটতেই উত্তরপাড়া পুরসভার সাফাইকর্মীরা অনির্দিষ্ট সময়ের জন্য কাজ বন্ধ করে দিলেন। মঙ্গলবার সকালে উত্তরপাড়ার মাখলায় পুরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ দফতরের গেটে অবস্থান বিক্ষোভ করায় সাফাই গাড়ি বের হতে পারেনি। তার জেরে পুরসভার সাফাই বিভাগের দুই ঠিকাদারের কর্মীরা কাজ বন্ধ করে দেন।

সাফাই কর্মীদের নেতা নিজেদের বিজেপির কর্মী পরিচয় দিয়ে রোহিত সিংহ বলেন,‘‘টানা দু’মাস কর্মীরা বেতন না পেয়ে সংসার চালাতে পারছেন না। পিএফ, ইএসআইয়ের টাকা কাটছে কি না, কর্তৃপক্ষ সাফাই কর্মীদের জানাচ্ছেন না। বেতন না পেলে এবং পরিস্থিতি না বদলালে কাজ আমরা করব না।’’

পুরসভার ২৪টি ওয়ার্ড মিলিয়ে বিরাট এলাকা জুড়ে উত্তরপাড়া পুরসভা। কিন্তু মাঝে মাঝেই সাফাই কর্মীরা বেঁকে বসায় আবর্জনায় শহরবাসীর নাভিঃশ্বাস ওঠে। মাস কয়েক আগে উত্তরপাড়া পুর এলাকায় সাফাই কর্মীরা টানা সাত দিন কাজ বন্ধ করে দেওয়ায় শহরবাসী বিপাকে পড়েছিলেন। উত্তরপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা মঙ্গলবার বলেন, ‘‘এমনিতেই ভোট এবং তার পরবর্তী সময়ে শহরের জঞ্জাল ঠিক মতো সাফ না হওয়ায় নালা-সহ পুর এলাকা আর্বজনায় ভর্তি ছিল। তার উপরে সাফাই কর্মীরা কাজ বন্ধ করে দিলে তো ঘোর বিপদ।’’

পরিস্থিতির কথা স্বীকার করে পুরপ্রধান দিলীপ যাদব বলেন, ‘‘ভোটের কাজে পুর ও নগোরন্নয়ন দফতরের নির্দিষ্ট বিভাগের কর্মীরা কেউই ছিলেন না। সে জন্যই সংশ্লিষ্ট দফতর থেকে সাফাই কর্মীদের যে বেতন পাঠানো হয়, তার কাজ হয়নি। ভোট মিটে গিয়েছে। আশা করা যায়, ওই বকেয়া বেতনের টাকা কর্মীরা পেয়ে যাবেন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Uttarpara

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy