Advertisement
E-Paper

আনিসের দাদা ভোটে দাঁড়িয়েছেন বলে হুমকি দিচ্ছে তৃণমূল, দাবি বাবা সালেমের, উড়িয়ে দিল শাসকদল

কুশবেড়িয়া পঞ্চায়েত সমিতির ৪২ নম্বর আসনে প্রার্থী হয়েছেন সামসুদ্দিন। সালেমের অভিযোগ, তৃণমূলের গুন্ডারা তাঁদের হুমকি দিচ্ছেন। প্রচারেও বাধা দেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ১৮:৪৯
সালেম খান।

সালেম খান। ফাইল চিত্র।

হাওড়ার নিহত ছাত্র নেতার আনিস খানের দাদা সামসুদ্দিন খানকে এ বার পঞ্চায়েত ভোটে প্রার্থী করেছে সিপিএম। তার পর থেকেই শাসক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গোটা পরিবারকেই হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ। ভোটের মুখে এমনই অভিযোগ তুললেন আনিস এবং সামসুদ্দিনের বাবা সালেম খান। পরিবারের নিরাপত্তার জন্য তাঁরা রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশেরও দ্বারস্থ হয়েছেন বলে জানান তিনি। শাসকদল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সিপিএম আনিসের পরিবারকে ভুল বুঝিয়ে নোংরা রাজনীতি করছে!

গত বছর ১৮ ফেব্রুয়ারি আনিসকে তাঁর বাড়িতে খুনের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ঘটনার পর এক বছর পেরিয়ে গিয়েছে। সালেমদের সিবিআই তদন্তের দাবি মেটেনি। আনিসের মৃত্যুর বিচার চাইতে এ বার জনতার দরবারে গিয়েছেন বাবা, দাদা। কুশবেড়িয়া পঞ্চায়েত সমিতির ৪২ নম্বর আসনে প্রার্থী হয়েছেন সামসুদ্দিন। সালেমের অভিযোগ, তৃণমূলের গুন্ডারা তাঁদের হুমকি দিচ্ছেন। প্রচারেও বাধা দেওয়া হচ্ছে। বুধবার দুপুরে উলুবেড়িয়ায় সাংবাদিক বৈঠকে সালেম বলেন, ‘‘বাড়ির সামনে পুলিশ পাহাড়া থাকলেও পুলিশ তৃণমূলের লোকেদের সঙ্গেই মেলামেশা করে। এতে আমাদের গোটা পরিবার আতঙ্কিত।’’ কেন্দ্রীয় নিরাপত্তারও দাবি জানিয়েছেন আনিসের বাবা। তিনি বলেন, ‘‘আমরা চাই, কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন আমাদের নিরাপত্তায় থাকুক। নিরাপত্তার জন্য আমরা রাজ্য নির্বাচন কমিশন, উলুবেড়িয়ার এসডিও এবং পুলিশকে চিঠি লিখেছি। কিন্তু এখনও কোনও উত্তর পাইনি।’’

সালেমের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হাওড়া জেলা গ্রামীণ তৃণমূলের সভাপতি অরুণাভ সেন বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী চাইছে মানে ওঁরা কেন্দ্রকে সমর্থন করছে। তৃণমূল কর্মীরা কাউকে কোনও হুমকি দেননি। আসলে এখন সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ সব এক হয়ে গিয়েছে। আনিস খানের বাবাকে ভুল বোঝাচ্ছে সিপিএম। নোংরা রাজনীতি করছে ওরা!’’

পাল্টা সিপিএমের হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ বলেন, ‘‘আনিস খানের মৃত্যুর ঘটনায় ওঁর বাবা, দাদা দু’জনেই সাক্ষী। তাই ওঁদের ক্ষমতা যাতে না বাড়ে, সে জন্য এ সব করছে তৃণমূল। ওদের হুমকি দিচ্ছে। গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে। ওদের নিরাপত্তা দেওয়ার দরকার। আর পুলিশ সেই নিরাপত্তা দিতে পারবে না, কারণ পুলিশই আনিসকে খুন করেছে! কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দিতে হবে। তৃণমূল যা করছে করুক। এর প্রতিরোধও হবে। মানুষই প্রতিরোধ গড়ে তুলবেন। ভোটেই তার প্রতিফলন দেখা যাবে।’’

West Bengal Panchayat Election 2023 Anis Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy