Advertisement
E-Paper

বাড়িতে হামলা হল, দলের কেউ খোঁজ নিলেন না! অভিমানী প্রাক্তন মন্ত্রী অরূপ জানালেন, এমন পরিস্থিতি কখনও হয়নি

তৃণমূল বিধায়ক অরূপ রায় বলেন, ‘‘আগেও বিভিন্ন নির্বাচনে দলের (তৃণমূল) পরাজয় হয়েছে। কিন্তু তখনও বুক ফুলিয়ে রাজনীতি করেছি সকলে। রাস্তায় মিছিল, মিটিং করেছি। কোনও অসুবিধা হয়নি। এখনকার মতো পরিস্থিতি কখনও দেখিনি।’’

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৪:২১
Arup Roy

অরূপ রায়। —নিজস্ব চিত্র।

জেলার নিচুতলার কর্মীরা তো বটেই, দলের সাংসদ, বিধায়ক আক্রান্ত হলেও শীর্ষ নেতৃত্ব খবর রাখছেন না। এ ভাবেই ক্ষোভ উগরে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক অরূপ রায়। তাঁর অভিযোগ, গত শনিবার তাঁর বাড়িতে হামলার পরেও দলের কেউ ফোন করে খোঁজ পর্যন্ত নেননি।

রবিবার কলকাতার কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে হাজির হননি অরূপ। বস্তুত, তৃণমূলের ৮০ জন বিধায়কের ৬০ জনকেই দেখা যায়নি কালীঘাটে। অন্য দিকে, শনিবার মধ্য হাওড়ার কাসুন্দিয়া ফার্স্ট বাই লেনে প্রাক্তন মন্ত্রী, বর্তমান তৃণমূল বিধায়ক অরূপের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। অরূপের দাবি, হামলার নেপথ্যে রয়েছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁর বাড়ির সামনে গোডাউন থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণসামগ্রী, যেমন ত্রিপল, কম্বল, শাড়ি, ধুতি ইত্যাদি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় গাড়ি আটকে তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন বিজেপির লোকজন। অভিযোগ, হামলা চলে বাড়িতে।

অরূপ জানিয়েছেন, জেলাশাসককে তিনি অনেক আগেই ত্রাণের জিনিসপত্র গোডাউন থেকে সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছিলেন। প্রশাসন থেকে যখন ওই জিনিসপত্র সরানোর কাজ শুরু হয়, ঠিক তখনই বিজেপি কর্মীরা ম্যাটাডোর ঘিরে বিক্ষোভ শুরু করেন এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে ‘চোর-চোর’ স্লোগান দিয়েছেন।

সোমবার বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে অরূপ অভিযোগ করেছেন, উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা আক্রান্ত হয়েছেন। তিনি ঘরছাড়া, তাঁর বাড়িতে হামলা হয়েছে, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হল। তা ছাড়া জেলায় জেলায় তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন। অথচ দল নীরব ভূমিকা পালন করছে। নেতৃত্বের ‘সমর্থন’ পাচ্ছেন না জেলার নেতারা। নিজের উদাহরণ দিয়ে প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, শনিবারের ঘটনার পর দলের কেউ ফোন করে খোঁজ পর্যন্ত নেননি।

সব কিছু দেখে অভিমানী অরূপ বলেন, ‘‘আগেও বিভিন্ন নির্বাচনে দলের (তৃণমূল) পরাজয় হয়েছে। কিন্তু তখনও বুক ফুলিয়ে রাজনীতি করেছি সকলে। রাস্তায় মিছিল, মিটিং করেছি। কোনও অসুবিধা হয়নি। এখনকার মতো পরিস্থিতি কোনও দিন দেখিনি।’’

অরূপ জানাচ্ছেন, এই পরিস্থিতিতে দলের কর্মসূচিতে তিনি থাকবেন কি না ভেবে দেখবেন। শনিবারের হামলার প্রেক্ষিতে পুলিশের কাছে এফআইআরও করছেন।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে সোমবার ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার রানি রাসমণি রোডে অবস্থান বিক্ষোভে বসবেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা।

arup roy TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy