বিধায়ক তহবিলের টাকায় নতুন যাত্রী প্রতীক্ষালয় তৈরি হচ্ছে সাঁকরাইলের মৌড়িগ্রাম সেতুর দু’পাশে। এখন চলছে শেষ পর্যায়ের কাজ। স্থানীয় বাসিন্দারা জানান, মৌড়িগ্রাম সেতু দিয়ে কলকাতাগামী গাড়ি যাতায়াত করে। বাস ধরার জন্য অনেকেই সেতুর মাঝে অপেক্ষা করেন। মৌড়িগ্রাম স্টেশনে নেমে অনেকে সিঁড়ি দিয়ে সেতুতে উঠে বাস ধরেন। তাই দীর্ঘ দিন ধরেই যাত্রী প্রতীক্ষালয় তৈরির দাবি ছিল যাত্রীদের। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জয়ন্ত ঘোষ ও পূর্ত কর্মাধ্যক্ষ তপন পাল জানান, দু’টি সেতু তৈরি করতে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা খরচ হয়েছে। টাকা বরাদ্দ হয় দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক ব্রজমোহন মজুমদারের বিধায়ক তহবিল থেকে।