দিন কয়েক আগে উত্তরপাড়ার কাঁঠালবাগান এলাকার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে রাঁচি এবং সংলগ্ন এলাকা বেড়াতে যান শহরের ৩৮ জন। বুধবার ফিরে তাঁরা পুলিশের কাছে ওই সংস্থার বিরুদ্ধে প্রতারণার নালিশ জানালেন। তাঁদের অভিযোগ, চুক্তি হলেও সংস্থাটি হোটেল বুকিং বা বাসের বন্দোবস্ত করেনি। থানা জানায়, ওই যাত্রীরা মৌখিক অভিযোগ জানিয়েছেন। পরে লিখিত অভিযোগ জানানোর কথা। সংস্থার মালিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ফোন বন্ধ ছিল।
উত্তরপাড়ার আপার বিপিএমবি সরণির কয়েকটি পরিবার গত ২৩ ডিসেম্বর রাঁচি যান। ভ্রমণ সংস্থাটি তাঁদের থেকে মাথাপিছু সাড়ে ৪ হাজার টাকা করে নেয়। রাঁচি পৌঁছে ভ্রমণার্থীরা বুঝতে পারেন, তাঁরা প্রতারিত হয়েছেন। অভিযোগ, চুক্তি থাকলেও হোটেলে যাওয়ার বাসের বন্দোবস্ত ছিল না। নির্দিষ্ট হোটেলে বুকিংও ছিল না। সংস্থার তরফে সেখানে উপস্থিত এক জন পাশের একটি হোটেলে তাঁদের নিয়ে যান।
বুধবার উত্তরপাড়ায় ফিরে এসে প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় নামে এক ভ্রমণার্থী অভিযোগ করেন, ভ্রমণ সংস্থার মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে ২৫ তারিখে তিনি ২৪ হাজার টাকা পাঠান। তার পর থেকে আর কোনও সাহায্য করেননি। তিনি বলেন, ‘‘আমাদের কাছে যেটুকু টাকা ছিল, তা দিয়ে শুধু রাঁচি শহরটা ঘুরতে পেরেছি। আমাদের সঙ্গে প্রতারণা করেছে ওই সংস্থা। সংস্থাটির বিরুদ্ধে আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাব।’’ আগামী এপ্রিল মাসে কাশ্মীর যাওয়ার জন্য এই সংস্থায় ১০ হাজার টাকা আগাম দিয়ে রেখেছেন তপন ভট্টাচার্য নামে এক ব্যক্তি। কিন্তু এই পরিস্থিতিতে কী করে ওই সংস্থার উপর ভরসা রাখবেন, ভেবে পাচ্ছেন না।