Advertisement
E-Paper

‘দরকারে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে কাজ করা হবে’! পূর্ব কলকাতার বেআইনি নির্মাণ নিয়ে পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি সিংহ

পূর্ব কলকাতায় ৫০০টির বেশি বেআইনি নির্মাণ হয়েছে বলে দাবি তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। অভিযোগ, জলাভূমি ভরাট করে বেআইনি ভাবে ওই সব নির্মাণ করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৪
If necessary, central forces will be deployed to demolish illegal constructions in East Kolkata, says Calcutta High Court

বিচারপতি অমৃতা সিংহ। — ফাইল চিত্র।

পূর্ব কলকাতার জলাভূমি দখল করে সেখানে বেআইনি নির্মাণের মামলায় এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এ ব্যাপারে রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। তাঁর মন্তব্য, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভাঙতে হবে বেআইনি নির্মাণ!

পূর্ব কলকাতায় ৫০০টির বেশি বেআইনি নির্মাণ হয়েছে বলে দাবি তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। অভিযোগ, জলাভূমি ভরাট করে বেআইনি ভাবে ওই সব নির্মাণ করা হয়েছে। সেই মামলায় বিচারপতি সিংহের এজলাসে অতীতে বেশ কয়েক বার শুনানি হয়। সেখানে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আদালতের নির্দেশ ছিল, পুলিশের সহযোগিতা নিয়ে ওই সব বেআইনি নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে।

অভিযোগ, নির্দেশই সার! বেআইনি নির্মাণ ভাঙা তো দূরঅস্ত, অনেক জায়গা চিহ্নিতই হয়নি। সোমবারের শুনানিতে ওই এলাকার পরিস্থিতি নিয়ে আদালতে একটি রিপোর্ট জমা দেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই ক্ষোভ উগরে দেন বিচারপতি সিংহ। তাঁর মন্তব্য, ‘‘বাস্তবে কোনও কাজ হচ্ছে না। অথচ একের পর এক রিপোর্ট জমা পড়ছে। আমি আর রিপোর্ট দেখতে চাই না। আমি দেখতে চাই আদালতের নির্দেশ মেনে কাজ হয়েছে।’’

কেন অবৈধ নির্মাণ ভাঙা যায়নি, তার যুক্তি দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। আদালতে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ জানান, নির্মাণ ভাঙার আগে সেখানকার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার প্রয়োজন রয়েছে। চৌবাগা-সহ কয়েকটি জায়গায় সেই কাজ করতে গিয়ে বিক্ষোভের সামনে পড়েন আধিকারিকেরা। ওই অবস্থায় কিছু করা যায়নি।

বিচারপতি সিংহের মন্তব্য, ‘‘একাধিক বার নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য এবং পুরসভা পদক্ষেপ করছে না। বেআইনি নির্মাণ ভাঙতে রাজ্য যদি আদালতের নির্দেশ কার্যকর করতে না পারে, তবে কেন্দ্রের সহযোগিতা নেওয়া হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ওই সব বেআইনি নির্মাণ ভাঙা হবে।’’ তার পরেই এই মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দিল আদালত। আগামী ১৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

East Kolkata wetland Calcutta High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy