মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে করোনা টিকা কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া হল। হাসপাতালে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, টিকার সরবরাহ না থাকার কারণে অনির্দিষ্টকালের জন্য প্রথম এবং দ্বিতীয় ডোজের টিকা দেওয়া বন্ধ থাকল ।
স্বাভাবিক কারণে এই বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীর এক বাসিন্দা জানিয়েছেন, ‘‘মঙ্গলবার সকাল থেকে ফিরে গিয়েছেন প্রায় ২০০ মানুষ। যাঁরা প্রথম ডোজের টিকা পেয়েছেন, তাঁরা দ্বিতীয় ডোজ পাবেন কি না, তা অনিশ্চিত হয়ে পড়েছে। তাই চিন্তায় রয়েছেন তাঁরা। পাশাপাশি, ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ শুরু হওয়ার কথা থাকলেও তা বন্ধ করতে রয়েছে।’’
এ বিষয় নিয়ে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক সৃঞ্জয় চন্দ্র বলেন, ‘‘গত কয়েক সপ্তাহ ধরে সারা বাংলা জুড়ে করোনা টিকার আকাল দেখা দিয়েছে। জেলা স্বাস্থ্য দফতরে বিষয়টি জানিয়েছি। যাঁরা প্রথম টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাঁরা যাতে দ্বিতীয় ডোজে পান সেই ব্যবস্থা করছি । খুব শীঘ্রই টিকার এই ঘাটতি কমবে।’’