বাড়ির কাছে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। সোমবার, স্বাধীনতা দিবসের রাতে ঘটনাটি ঘটেছে একবালপুর থানা এলাকার ব্রনফিল্ড রো-এ। মৃতের নাম সন্দীপ পুন (২২)। এই ঘটনায় আকবর আলি নামে স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বচসার জেরে এই ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার কয়েক জন যুবকের সঙ্গে মাঝেমধ্যেই সন্দীপকে নেশা করতে দেখা যেত। সোমবার সন্ধ্যায় বাড়ির কাছে মেহের আলি মণ্ডল স্ট্রিটে তাদের সঙ্গে সন্দীপের একপ্রস্ত ঝামেলা হয়। ওই যুবকের মা বীণা পুন বলেন, ‘‘রাত ৯টা নাগাদ জনা পাঁচেক যুবক আমার ঘরে এসে ছেলেকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। ওর পিঠে ব্লেড দিয়ে আঘাত করে। কোনও মতে ছেলেকে বাঁচাই।’’ তিনি জানান, রাত সাড়ে ন’টা নাগাদ সন্দীপ বাড়ি থেকে বেরোন। এর কিছু ক্ষণ পরেই পাড়ার ছেলেদের চিৎকার শুনে বেরিয়ে বীণা দেখেন, সন্দীপ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। পেটে গভীর ক্ষত। দ্রুত ওই যুবককে স্থানীয়েরা এসএসকেএমে নিয়ে যান। সেখানে গভীর রাতে মারা যান সন্দীপ। পুলিশ জানিয়েছে, সন্দীপের বাড়ির সামনেই একটি নির্মীয়মাণ আবাসনে লুকিয়ে ছিল আকবর। সন্দীপ বাড়ি থেকে বেরোনো মাত্রই তাঁর উপরে ছুরি নিয়ে চড়াও হয় সে।
বাসিন্দাদের অভিযোগ, ব্রনফিল্ড রো এলাকাটি দীর্ঘদিন ধরে মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়েছে। এই নিয়ে পুলিশকে জানিয়েও লাভ হয়নি। এলাকাবাসীর আরও অভিযোগ, টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে ঝামেলার জেরেই খুন হতে হয়েছে সন্দীপকে।
মঙ্গলবার এলাকায় গিয়ে দেখা গেল, ঘটনাস্থল ঘুরে দেখছে ফরেন্সিক দল। বীণা বলেন, ‘‘আমার ছেলে স্থানীয় কয়েক জনের পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হয়ে উঠেছিল। ছোটখাটো কাজ করায় ওর উপরে অন্য ছেলেদের রাগ হয়েছিল। সেই রাগেই ওকে খুন করা হয়েছে।’’ পুলিশ জানিয়েছে, নেশার আখড়াগুলি খুঁজে বার করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।