Advertisement
E-Paper

বিধাননগর স্টেশনে দুই তরুণীর শ্লীলতাহানি, হুমকির অভিযোগ! রেল পুলিশের হাতে গ্রেফতার যুবক

ট্রেন থেকে নামার পর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক তরুণী। অভিযোগ, সেই সময়েই তাঁর শ্লীলতাহানি করেন অভিযুক্ত। প্ল্যাটফর্মে অপর এক তরুণীরও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৬:২৪
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিধাননগর স্টেশনে দুই তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল কলকাতার বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেন এবং হুমকি দেন বলেও অভিযোগ। ওই ঘটনায় অভিযুক্ত যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে শিয়ালদহ জিআরপি।

শনিবার রাতে ইছাপুর থেকে ডাউন কল্যাণী সীমান্ত লোকালে উঠেছিলেন ২৪ বছর বয়সি এক তরুণী। রাত সাড়ে ৯টা নাগাদ তিনি নামেন বিধাননগর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে। অভিযোগ, প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাওয়ার সময়েই এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে হেনস্থা করেন। প্ল্যাটফর্মের মধ্যেই তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এর পরে বাগুইআটির বাসিন্দা ২৩ বছর বয়সি এক তরুণীরও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। প্রতিবাদ করায় দুই তরুণীর সঙ্গে তিনি অভব্য আচরণ করতে থাকেন। এমনকি বিভিন্ন ভাবে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

ওই ঘটনার পর শনিবারই বেশি রাতের দিকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। বিধাননগর স্টেশনের ওই ঘটনায় শ্লীলতাহানি, যৌন হেনস্থা এবং হুমকির অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এফআইআর রুজু করে শিয়ালদহ জিআরপি। কলকাতার শ্যামপুকুর এলাকার বাসিন্দা অভিযুক্ত ওই যুবককে ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ।

Bidhannagar Molestation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy