কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, কলকাতা পুলিশের এসটিএফ তাঁকে পুরী থেকে গ্রেফতার করেছে। ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। তোলাবাজি-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছিল। দীর্ঘ দিন ধরেই পুলিশ তাঁকে খুঁজছিল। অভিযোগ, ওড়িশার রাস্তায় গাড়ি ফেলে পালিয়েছিলেন সুশান্ত। তাঁর চালক ধরা পড়েছিলেন। কিন্তু গা ঢাকা দিয়েছিলেন তিনি। তাঁর খোঁজে জোরদার তল্লাশি চলেছে। অবশেষে সেই সুশান্ত ধরা পড়লেন বুধবার।
প্রসঙ্গত, ১০৮ নম্বর ওয়ার্ডে হকারদের কাছ থেকে তিন কোটি টাকা হাতানোর অভিযোগে আনন্দপুর থানার দ্বারস্থ হয়েছিলেন হকার্স কমিটির কয়েক জন। সেই অভিযোগ জমা পড়তেই গা-ঢাকা দেন সুশান্ত। ওড়িশা পর্যন্ত তাঁকে ধাওয়া করেছিল পুলিশ। তবে পুলিশ আসতে দেখেই তিনি রাস্তায় গাড়ি থেকে নেমে পালিয়ে যান। তাঁর গাড়ি থেকে গ্রেফতার করা হয় চালক সুজিত চৌধুরীকে। তিনি পালাতে পারেননি।
আরও পড়ুন:
গত মাসে ১২ নম্বর বরো কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সুশান্ত। তবে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেননি। পরে কলকাতা পুরসভার পুরবোর্ড ভেঙে দেওয়া হয়। সূত্রের খবর, পুলিশি তদন্তে সুশান্তের নামে একাধিক সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। অভিযোগ, বেনামেও বহু সম্পত্তি রয়েছে সুশান্তের। এলাকায় তাঁর দাপট ছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তাঁর সঙ্গে যুক্ত সম্পত্তির মূল্য কয়েকশো কোটি টাকায় পৌঁছোতে পারে। সুশান্তকে হেফাজতে নিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবে পুলিশ।
রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একের পর এক নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক এবং কাউন্সিলরেরা গ্রেফতার হচ্ছেন। কলকাতা পুরসভায় কাউন্সিলর পদে থাকা ১০ জনকে নানা অভিযোগে ইতিমধ্যে ধরেছে পুলিশ। সুশান্তকে নিয়ে সেই সংখ্যা ১১-তে পৌঁছোল।