E-Paper

ছন্দে ফিরছে বিদেশের বিমান পরিষেবা, কমছে ভাড়াও

রবিবার ইন্ডিগো পশ্চিম এশিয়ার ৮টি গন্তব্য ছাড়াও ইউরোপের একাধিক গন্তব্য মিলিয়ে প্রায় ৩৪টি উড়ান চালিয়েছে। পাশাপাশি, এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কাল, মঙ্গলবার থেকে আগামী ১৮ মার্চ পর্যন্ত ৯টি রুটে ৭৮টি অতিরিক্ত উড়ান চালাবে তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ০৬:২১

—প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তার মধ্যেই ভারতীয় বিমান সংস্থাগুলি ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন গন্তব্যে উড়ান পরিষেবা শুরু করল।

রবিবার ইন্ডিগো পশ্চিম এশিয়ার ৮টি গন্তব্য ছাড়াও ইউরোপের একাধিক গন্তব্য মিলিয়ে প্রায় ৩৪টি উড়ান চালিয়েছে। পাশাপাশি, এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কাল, মঙ্গলবার থেকে আগামী ১৮ মার্চ পর্যন্ত ৯টি রুটে ৭৮টি অতিরিক্ত উড়ান চালাবে তারা। ওই সব গন্তব্যের মধ্যে নিউ ইয়র্ক (জন এফ কেনেডি বিমানবন্দর), লন্ডন (হিথরো), ফ্রাঙ্কফুর্ট, প্যারিস, আমস্টারডাম, জ়ুরিখ, কলম্বো এবং মলদ্বীপ রয়েছে। পশ্চিম এশিয়ার বিমান সংস্থা এমিরেটস জানিয়েছে, তারা তাদের নিয়মিত সব রুটে উড়ান পরিষেবা শুরু করছে। তার মধ্যে ভারতের ৯টি শহর রয়েছে। এ ছাড়াও, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন গন্তব্যে তারা উড়ান চালাচ্ছে। মঙ্গলবার থেকে পশ্চিম এশিয়ার অপর এক বিমান সংস্থা ইতিহাদ প্রায় সব নিয়মিত পথে তাদের পরিষেবা শুরু করছে। ওই তালিকায় ভারতের একাধিক শহর ছাড়াও ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক গন্তব্য রয়েছে। সংস্থাটি নিউ ইয়র্ক, প্যারিস, জুরিখ, মস্কো, লন্ডন, ফুকেত, ব্যাঙ্কক, মলদ্বীপ-সহ নানা গন্তব্যে উড়ান পরিষেবা দেবে।

একাধিক বিমান সংস্থা আগের মতো পরিষেবা শুরু করায় মঙ্গলবার থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন গন্তব্যের উড়ানের ভাড়া অনেকটা কমে প্রায় স্বাভাবিক হওয়ার পথে বলে জানা যাচ্ছে। যাত্রীদের সুরাহা দিতে প্রায় সব সংস্থাই বাড়তি খরচ ছাড়া সফরের তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে। রবিবার কলকাতা থেকেও পশ্চিম এশিয়ার বিভিন্ন শহরে উড়ান বাতিলের খবর মেলেনি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Flight Services US-Israel vs Iran West Asia

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy