বচসার জেরে এক যুবকের হাতে চপারের কোপ বসানোর অভিযোগে গ্রেফতার হল এক জন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চেতলা রোড এলাকায়। ধৃতের নাম কুমার দত্ত। আহত ওই যুবকের নাম সঞ্জয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাস্তার ধারে বসে মদ্যপান করছিলেন কুমার ও সঞ্জয়। হঠাৎই তাঁদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সে সময়েই সঞ্জয়ের হাতে চপার দিয়ে কোপ মেরে পালিয়ে যান কুমার। এসএসকেএমে ভর্তি করা হয় সঞ্জয়কে। তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে চেতলা থেকেই কুমারকে গ্রেফতার করে আলিপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হলে তাঁর ১৮ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ হয়।