কসবা থানা এলাকার নিউ বালিগঞ্জ রোডে শুক্রবার রাত ১১টা নাগাদ এক তরুণীকে গাড়িতে তুলে বেশ কয়েক জন তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। শনিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা। এই ঘটনায় পুলিশ সোমবার কালিকাপুর থেকে তিন জনকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তদের অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করেছেন।
জানা যাচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে যে ধারায় মামলা রুজু হয়েছে, সে ক্ষেত্রে গ্রেফতারির আগে কিছু নিয়ম মানতে হয়। এ ক্ষেত্রে তা মানা হয়নি বলে পর্যবেক্ষণ আদালতের।
আদালত সূত্রে জানা গিয়েছে, জামিনের শর্ত হিসাবে সপ্তাহে তিন বার করে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে অভিযুক্তদের।
আরও পড়ুন:
প্রসঙ্গত, মোট পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন ওই তরুণী। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে দু’জনের নাম। বাকি তিন জন ‘অজ্ঞাতপরিচয়’। সেই ঘটনাতেই এখনও পর্যন্ত গ্রেফতার হন তিন জন। তবে তিন জনেরই জামিন মঞ্জুর করেছে আদালত।