প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে তিন মাসব্যাপী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, সে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লক্ষ। বাদ পড়েছে প্রায় ৭৪ লক্ষ নাম!
গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় ৪ কোটি ৪০ লক্ষ জন ভোটারের নাম রয়েছে। গত বছরের ১৯ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকার তুলনায় এ বার আরও ৫ লক্ষ ৬০ হাজার নতুন নাম যোগ হয়েছে। আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকায় প্রায় ৭৪ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। যার ফলে ভোটার সংখ্যা ৫ কোটি ৮ লক্ষ থেকে কমে ৪ কোটি ৩৪ লক্ষে নেমে এসেছিল। সিইও দফতর জানিয়েছে, পরে ৫ লক্ষ ৬০ হাজার নতুন ভোটার যুক্ত হওয়ায়, চূড়ান্ত তালিকায় ৪ কোটি ৪০ লক্ষ ভোটারের নাম রয়েছে।
উল্লেখ্য, নভেম্বরে যখন এসআইআর শুরু হয়, তখন গুজরাতে ৫ কোটি ৮ লক্ষ ভোটার ছিলেন। তার মধ্যে প্রচুর ভোটার বর্তমানে মৃত। সেই ঝাড়াইবাছাইয়ের পাশাপাশি অনেকে এনুমারেশনফর্ম জমা দেননি।
আরও পড়ুন:
দেখা যায়, ৪ কোটি ৩৪ লক্ষ ফর্ম জমা পড়েছে কমিশনের কাছে। অর্থাৎ, ৭৪ লক্ষ ভোটার হয় ফর্ম নেননি, বা নিলেও ফেরত দেননি। এর পর যে সব ভোটারের ফর্ম ফেরত আসেনি, তাঁদের ওয়েবসাইটে প্রকাশ করে কমিশন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার বিষয়ে ভোটারদের দাবি এবং অভিযোগ জানানোর সুযোগ ছিল ২০২৫ সালের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছর ৩০ জানুয়ারি পর্যন্ত। এর পর আধিকারিকেরা সেই সব অভিযোগ যাচাই করে ১০ ফেব্রুয়ারির মধ্যে তা নিষ্পত্তি করেন। অবশেষে মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হল।