E-Paper

অরূপের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আলিপুরের আইনজীবীর

নির্মলেন্দুর আরও অভিযোগ, বিকেল সাড়ে ৪টে নাগাদ তিনি কয়েক জন সহকর্মীকে নিয়ে আদালতে গিয়ে দেখেন, একটি সেরেস্তায় বসে রয়েছেন অরূপ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ০৮:১৯
অরূপ বিশ্বাস।

অরূপ বিশ্বাস। ফাইল চিত্র।

প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। নির্মলেন্দুকুমার ঘোষ নামে ওই আইনজীবী আলিপুর থানায় যে অভিযোগ দায়ের করেছেন, তাতে তিনি অরূপ এবং তাঁর অনুগামী ও সহযোগীদের বিরুদ্ধে শারীরিক হেনস্থা, মারধরের পাশাপাশি খুনের চেষ্টার অভিযোগও এনেছেন।

নির্মলেন্দু আলিপুর আদালতের আইনজীবী। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, গত ১৮ জুন আলিপুর আদালতে একটি মামলার শুনানির দিন ঘটনাটি ঘটে। ওই দিন অরূপের ভাই স্বরূপ বিশ্বাসকে প্রতারণা, তোলাবাজি এবং যৌন হেনস্থার মামলায় আদালতে হাজির করানো হয়েছিল। নির্মলেন্দুর দাবি, তিনি ওই মামলায় অভিযোগকারীর আইনজীবীদের প্রতিনিধিত্ব করছিলেন। তিনি জানান, আদালত চত্বরে অরূপের সমর্থক এবং কিছু ‘সমাজবিরোধী’ উপস্থিত ছিলেন। তাঁরা সকাল থেকেই তাঁকে এবং অন্য কয়েক জন আইনজীবীকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও উস্কানি দিতে থাকেন বলে অভিযোগ।

নির্মলেন্দুর আরও অভিযোগ, বিকেল সাড়ে ৪টে নাগাদ তিনি কয়েক জন সহকর্মীকে নিয়ে আদালতে গিয়ে দেখেন, একটি সেরেস্তায় বসে রয়েছেন অরূপ। বাইরে দাঁড়িয়ে ছিলেন তাঁর অনুগামীরা। অভিযোগ, তাঁদের মধ্যে কয়েক জন নির্মলেন্দু এবং অন্য আইনজীবীদের লক্ষ্য করে হুমকি দিতে শুরু করেন। আদালত ও পুলিশ তাঁদের ‘পকেটে’ রয়েছে বলেও হুমকি দেওয়া হয়। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নির্মলেন্দুর দাবি, অরূপ সেরেস্তার ভিতর থেকে মোবাইলে তাঁর অনুগামীদের নির্দেশ ও উস্কানি দিচ্ছিলেন। সেই সময়ে এক ব্যক্তি ভাঙা কাচের টুকরো নিয়ে তাঁর উপরে হামলা চালান বলে অভিযোগ নির্মলেন্দুর। তাঁর দাবি, তাঁকে খুন করার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়েছিল। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তাঁর ডান হাতের বুড়ো আঙুলে গুরুতর চোট লাগে। পাশাপাশি, তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। তাঁর পিঠে এবং ডান কাঁধেও গুরুতর আঘাত লাগে বলে দাবি করেছেন তিনি। পরে সহকর্মীদের সাহায্যে সেখান থেকে বেরিয়ে এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা করান নির্মলেন্দু।

এই অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য জানতে অরূপ বিশ্বাসকে একাধিক বার ফোন করা হলেও তিনি ধরেননি। উত্তর দেননি মেসেজের। নির্মলেন্দু বলেন, “স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর কারণেই আমার উপরে ওই হামলা হয়েছিল। আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। খুনের চেষ্টাও করা হয়েছে। পুরো ঘটনাই পূর্ব-পরিকল্পিত।”

পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আদালত চত্বরের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হতে পারে। উল্লেখ্য, ১৯ জুন আলিপুর আদালত চত্বরে অরূপকে ঘিরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ ও উত্তেজনার ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনার পরেই এই ফৌজদারি মামলা দায়ের করা হয়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Aroop Biswas

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy