E-Paper

প্ল্যাটফর্ম বদলাতে মেট্রোর লাইনে মহিলা যাত্রী! উঠছে রক্ষীর দাবি

ওই মহিলা মাস্টারদা সূর্য সেন স্টেশনের দমদমমুখী আপ লাইনের প্ল্যাটফর্ম থেকে নেমে শহিদ ক্ষুদিরামমুখী মেট্রোর প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ০৮:০০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্ল্যাটফর্ম বদলাতে সরাসরি মেট্রোর লাইনে নেমে পড়লেন এক মহিলা যাত্রী! গত মঙ্গলবার এই ঘটনা ঘিরে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উত্তর-দক্ষিণ মেট্রোর বাঁশদ্রোণী সংলগ্ন মাস্টারদা সূর্য সেন স্টেশনে। অফিসের সময়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে রেলিংয়ের গেট টপকে ওই মহিলা আচমকা লাইনে নেমে পড়েন বলে অভিযোগ। এই ঘটনার পরে মেট্রো স্টেশনগুলির প্ল্যাটফর্মে নজরদারি আঁটোসাঁটো করতে কর্মী নিয়োগের প্রয়োজনীয়তার দিকটি জোরালো হয়ে উঠেছে।

ওই মহিলা মাস্টারদা সূর্য সেন স্টেশনের দমদমমুখী আপ লাইনের প্ল্যাটফর্ম থেকে নেমে শহিদ ক্ষুদিরামমুখী মেট্রোর প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। সকাল ১০টা নাগাদ ওই ঘটনা ঘটে। মেট্রোর ওই স্টেশনে দু’প্রান্তের লাইনের মাঝে বিদ্যুৎবাহী থার্ড রেল আছে। যাত্রীদের থেকে পাওয়া এই ঘটনার ভিডিয়োয় দেখা গিয়েছে, লাইন টপকে বিদ্যুৎবাহী থার্ড রেলের দিকে মাঝবয়সি ওই মহিলাকে এগোতে দেখে চিৎকার করে ওঠেন অন্য যাত্রীরা। সেই সময়ে শহিদ ক্ষুদিরামমুখী একটি মেট্রোকেও ছুটে আসতে দেখা গিয়েছে ওই ভিডিয়োয়। যাত্রীদের চিৎকার এবং ওই মহিলার কাণ্ড দেখে চালক কিছুটা আগেই ট্রেন থামিয়ে দেন। কয়েক সেকেন্ডের মধ্যে আপ লাইন ধরে এগিয়ে আসা দমদমমুখী মেট্রোর চালকও ওই মহিলাকে দেখে আপৎকালীন ব্রেক কষেন। এর পরেই ছুটে আসেন মেট্রোর কর্মীরা। পার্ক স্ট্রিটের কন্ট্রোল রুমে খবর দিয়ে তড়িঘড়ি থার্ড রেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এর পরে মেট্রোর আরপিএফ ও ট্র্যাফিক বিভাগের কর্মীরা ওই মহিলাকে স্টেশন সুপারের ঘরে নিয়ে যান। সেখানেই তিনি জানান, ভুল প্ল্যাটফর্মে চলে গিয়েছিলেন। উল্টো দিকের প্ল্যাটফর্মে মেট্রো আসতে দেখে লাইন পেরিয়ে ওই প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করেন।

কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় বিভিন্ন দৈর্ঘ্যের রেক থাকায় প্ল্যাটফর্মে স্ক্রিন ডোর বসানো যায়নি। গার্ডরেল বসানোর পরিকল্পনাতেও সাফল্য আসেনি। মেট্রো কর্তৃপক্ষ তাই যাত্রীদের সচেতনতা বাড়ানোর উপরে জোর দিয়েছেন। তবে, ওই ঘটনায় মহিলার তড়িদাহত হওয়া ছাড়াও মেট্রো ভয়াবহ দুর্ঘটনায় পড়ার আশঙ্কা ছিল। তাই প্ল্যাটফর্মে রক্ষী মোতায়েন বা স্ক্রিন ডোর বসানোর দাবি আরও জোরালো হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kolkata Metro Railway

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy