Advertisement
E-Paper

আবার লিফ্‌ট বিভ্রাট আরজি করে! পর পর দু’দিন ভিতরে আটকে পড়লেন হাসপাতালের কর্মী-সহ অনেকে

বুধবার দুপুরে আরজি করের অ্যাকাডেমি বিল্ডিংয়ের একটি লিফ্‌ট কয়েক মিনিটের জন্য আটকে গিয়েছিল। সেই সময় লিফ্‌টম্যানও ভিতরে ছিলেন। মঙ্গলবারও লিফ্‌টে সমস্যা হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২২:৫৮
আরজি করে দুর্ঘটনাগ্রস্ত সেই লিফ্‌ট।

আরজি করে দুর্ঘটনাগ্রস্ত সেই লিফ্‌ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আরজি কর হাসপাতালে লিফ্‌টের সমস্যা মিটেও মিটছে না। বিতর্ক পিছু ছাড়ছে না উত্তর কলকাতার এই হাসপাতালকে। বুধবারও সেখানকার অ্যাকাডেমি ভবনের একটি লিফ্‌ট বেশ কিছু ক্ষণের জন্য আটকে গিয়েছিল বলে খবর। এমনকি, ভিতরে লিফ্‌টম্যানও আটকে পড়েছিলেন। এই নিয়ে পর পর দু’দিন ওই হাসপাতালে লিফ্‌ট আটকে পড়ল। মঙ্গলবার অন্য একটি ভবনের লিফ্‌টে সমস্যা হয়েছিল বলে অভিযোগ। তবে কোনও ক্ষেত্রেই হতাহতের খবর নেই। কিছু ক্ষণের মধ্যে সকলকে নিরাপদে বাইরে বার করে আনা গিয়েছে।

বুধবার দুপুরে আরজি করের অ্যাকাডেমি বিল্ডিংয়ের একটি লিফ্‌ট কয়েক মিনিটের জন্য আটকে গিয়েছিল। সেই সময় লিফ্‌টম্যানও ভিতরে ছিলেন। নির্দিষ্ট তলায় পৌঁছে গেলেও লিফ্‌টের দরজা খুলছিল না। অভিযোগ, মঙ্গলবারের ঘটনা আরও আতঙ্কের। কারণ, ওই দিন দু’টি তলার মাঝে লিফ্‌টটি আটকে পড়েছিল। দুই ক্ষেত্রেই হাসপাতালের কর্মী-সহ বেশ কয়েক জন লিফ্‌টের ভিতরে ছিলেন।

গত শনিবার ভোরে আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে লিফ্‌ট বিপর্যয়ে মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ, স্ত্রী, সন্তানকে নিয়ে লিফ্‌টে আটকে পড়েছিলেন তিনি। নির্দিষ্ট তলায় লিফ্‌ট থামেনি। প্রথমে উপরে উঠে নিজে থেকেই লিফ্‌টটি নীচে নেমেছিল। নামতে নামতে পৌঁছে গিয়েছিল একেবারে বেসমেন্টে। মৃতের স্ত্রীর বয়ান অনুযায়ী, বেসমেন্টে কয়েক সেকেন্ডের জন্য লিফ্‌টের দরজা খোলে। সন্তানকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেও দরজায় আটকে পড়েন অরূপ। তার পর লিফ্‌ট উপরে উঠতে শুরু করে। দরজা এবং সিমেন্টের দেওয়ালের মাঝে পড়ে থেঁতলে মৃত্যু হয় অরূপের। অভিযোগ, দীর্ঘ ক্ষণ বেসমেন্টে লিফ্‌টের সামনের দরজার তালা খোলা যায়নি। চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তোলে অরূপের পরিবার। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত করছে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিন লিফ্‌টম্যান-সহ পাঁচ জনকে। বুধবার আরজি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ, বিভিন্ন বিভাগের প্রধান, ডাক্তারি ছাত্র এবং জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেখানে বলা হয়েছে, হাসপাতালের ৩২টি লিফ্‌টের মধ্যে বর্তমানে ১২টিই ব্যবহারের অযোগ্য। লিফ্‌টের বিষয়গুলি দেখে পূর্ত দফতর। তাদের প্রতিনিধি জানিয়েছেন, লিফ্‌ট নির্মাণকারী সংস্থাই রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। রাতেও তাঁদের কারও থাকা উচিত। লিফ্‌ট সংক্রান্ত সমস্যা দেখভালের জন্য কেউ যেন হাসপাতালে সর্বক্ষণ থাকেন, সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

২০২৪ সালের আরজি কর হাসপাতালে রাতের ডিউটিতে কর্মরত চিকিৎসকে ধর্ষণ ও খুন করা হয়েছিল। সেই নির্যাতিতার মা বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন। পানিহাটি থেকে তাঁকে বুধবারই টিকিট দিয়েছে দল।

rg kar hospital Kolkata Police Lift Malfunction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy