E-Paper

ডিজ়েলের মূল্যবৃদ্ধি, খরচ নিয়ে উদ্বেগে বাসমালিক সংগঠন

বাসমালিক সংগঠনের অভিযোগ, ২০২১ সালে লিটার প্রতি ডিজ়েলের দাম ছিল ৬৮ টাকার কাছাকাছি।

ফিরোজ ইসলাম

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০৯:৫৯

লিটার প্রতি ডিজ়েলের মূল্য শুক্রবার থেকে ৩.১১ টাকা বৃদ্ধি পেয়ে ৯৫.১৩ টাকায় গিয়ে ঠেকেছে। এক ধাক্কায় তিন টাকার বেশি মূল্যবৃদ্ধি বেসরকারি বাসের পরিষেবায় নতুন করে চাপ তৈরি করবে বলে আশঙ্কা করছেন বাসমালিকেরা।

সরকারি ভাবে এ রাজ্যে ২০১৮ সালে শেষ বার বেসরকারি বাসের ভাড়া বাড়ানো হয়েছিল। পরে অতিমারি পরিস্থিতি চলাকালীন বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবি খতিয়ে দেখতে দু’দফায়, ২০২০ এবং ২০২১ সালে দু’টি কমিটিগঠিত হয়। কিন্তু, ভাড়া বৃদ্ধির প্রশ্নে ওই দুই কমিটির সুপারিশ আর প্রকাশিত হয়নি বলে অভিযোগ। ২০২১ সালে তৃতীয় দফায় তৃণমূল সরকার নির্বাচিত হলে সরকারি নির্দেশ ছাড়াই বেসরকারি বাসে ন্যূনতম ১০ টাকা ভাড়া নেওয়া শুরু হয়। সেই ব্যবস্থা এখনও চালু রয়েছে। সরকার অনুমোদিত ভাড়ার তালিকা ছাড়াই বিভিন্ন বেসরকারি বাসে ১০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।

বাসমালিক সংগঠনের অভিযোগ, ২০২১ সালে লিটার প্রতি ডিজ়েলের দাম ছিল ৬৮ টাকার কাছাকাছি। সেখান থেকে গত পাঁচ বছরে ডিজ়েলের লিটার প্রতি মূল্য ২৭ টাকা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাসের যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণের খরচও অনেকটা বেড়েছে। সেই জায়গা থেকেই সরকারি ভাবে ভাড়ার পুনর্বিন্যাস জরুরি বলে জানাচ্ছেন বেসরকারি বাসমালিক সংগঠনের নেতৃত্ব।

এ প্রসঙ্গে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘‘পরিবহণ ক্ষেত্রে স্থবিরতা এবং হতাশা তৈরি হয়েছে। নতুন সরকার এই অবস্থা কাটাতে পদক্ষেপ করবে বলে আমরা আশা করছি।’’ সিটি সাবার্বান বাস সার্ভিস-এর সাধারণ সম্পাদক টিটু সাহা জানান, পরিবহণ ক্ষেত্রের সমস্যার কথা জানিয়ে দফতরের সচিবকে তাঁরা চিঠি দিয়েছেন। টিটু বলেন, ‘‘পরিবহণ ক্ষেত্রের স্বাস্থ্য ফেরাতে নতুন সরকার গঠনমূলক পদক্ষেপ করবে বলে আমরা আশাবাদী।’’ বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, ‘‘ব্যবসা বাঁচিয়ে পরিষেবা উন্নত করার ক্ষেত্রে নতুন সরকার পদক্ষেপ করবে বলে আমরা আশা করছি। নতুন সরকারকে সব রকম ভাবে আমরা সহযোগিতা করব।’’

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটসের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, ডিজ়েলের মূল্যবৃদ্ধি নতুন করে তাঁদের চাপে ফেলেছে। এই অবস্থায় পরিষেবা টিকিয়ে রাখতে এবং উপযুক্ত ভাড়া নির্ধারণের প্রশ্নে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।

পাশাপাশি, আগের সরকারের সময় থেকে এ রাজ্যে অতিরিক্ত সেস আদায় করার ফলে পেট্রল এবং ডিজ়েলের মূল্য অন্যান্য রাজ্যের তুলনায় কিছুটা বেশি। ওই হার কমাতে পারলেও কিছুটা সুরাহা হবে বলে জানিয়েছেন বাসমালিক সংগঠনগুলির নেতৃত্ব। নতুন পরিবহণমন্ত্রীর নাম ঘোষিত হলে সরকারি ভাবে এ নিয়ে আলোচনার দরজা খুলবে বলে আশা তাঁদের।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Fuel Price

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy