E-Paper

দিলীপ কোথায়? নজরে আলিপুরের আইনজীবী

আইনজীবী জালিয়াতির মাধ্যমে জোর করে জমি দখল এবং ওই জমিতে অবৈধ নির্মাণের ঘটনায় দায়ের হওয়া ইডি-র মামলায় নজরে রয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১০:১১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ঘটনায় অভিযুক্ত, তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল ৩৬ ঘণ্টা পরেও ফেরার। বৃহস্পতিবার ওই অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা দিলীপের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। কিন্তু চশমা, জুতো, মোবাইল ফোন ফেলে রেখে বাড়ির পিছনের ভাঙা পাঁচিল টপকে ধান খেত দিয়ে পালিয়ে যান দিলীপ। এর পরে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েও দিলীপের খোঁজ মেলেনি।

পুলিশ সূত্রের দাবি, দক্ষিণ কলকাতায় আলিপুরের এক আইনজীবীর আশ্রয়ে রয়েছেন বিধায়ক। ওই আইনজীবী জালিয়াতির মাধ্যমে জোর করে জমি দখল এবং ওই জমিতে অবৈধ নির্মাণের ঘটনায় দায়ের হওয়া ইডি-র মামলায় নজরে রয়েছেন। তাঁকে এক বার জিজ্ঞাসাবাদও করেছে ইডি। সূত্রের খবর, বিষ্ণুপুর, সাতগাছিয়া, ঠাকুরপুকুর এলাকায় বেআইনি ভাবে জমি দখলের ঘটনায় বিষ্ণুপুরের বিধায়ক এবং ওই আইনজীবী জড়িত রয়েছেন বলে তথ্য মিলেছে। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত বিধায়কের নামে পাঁচটিরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে বলে বিষ্ণুপুর থানা সূত্রের খবর। দিলীপ-ঘনিষ্ঠ এক আইনজীবীর কথায়, ‘‘পুলিশ অন্যায় ভাবে গ্রেফতারির পরিকল্পনা করেছে। আমরা কলকাতা হাই কোর্টে আবেদন করব।’’

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দিলীপ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। কলকাতার ঠিক কোথায় দিলীপ রয়েছেন, সেই খোঁজ করা হচ্ছে। প্রয়োজনে আলিপুরের ওই আইনজীবীকে তলব করা হতে পারে বলে সূত্রের খবর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Alipore Court TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy