নিউ টাউনে সাপুরজি আবাসনের একটি ব্লকে কার্যত প্রতিটি বাড়িতে কেউ না কেউ পেটের রোগে ভুগছেন। তাঁদের অনুমান এবং আশঙ্কা যে, ব্লকে সরবরাহ করা জলের দূষণ থেকেই এমন সমস্যা। অভিযোগ, বার বার বলা হলেও কর্তৃপক্ষের তরফে কিছু করা হয়নি। বাসিন্দারা পুলিশেরও দ্বারস্থ হয়েছিলেন। তার পরেও সমস্যা না মেটায় সোমবার তাঁরা ওই আবাসনের ভিতরে বিক্ষোভে ফেটে পড়েন।
পুলিশ সূত্রের খবর, বাসিন্দারা সমস্যার কথা জানিয়েছিলেন। সেই অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। আবাসনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।
বাসিন্দাদের অভিযোগ, ওই আবাসনের ই ব্লকের প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ অসুস্থ। শতাধিক মানুষ আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্বচ্ছ পানীয় জলের দাবিতে এ দিন সকালে আবাসন কর্তৃপক্ষের ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। নেহারানি গুপ্ত নামে এক বাসিন্দা জানান, গত কয়েক দিন ধরেই অনেকে পেটের সমস্যায় ভুগছিলেন। প্রথমে বাচ্চারা অসুস্থ হয়। কিন্তু পরে জানা যায়, প্রায় প্রতিটি ফ্ল্যাটেই সব বয়সের মানুষ ডায়েরিয়া-সহ নানা পেটের অসুখে ভুগছেন। বাসিন্দাদের অভিযোগ, জলাধার, ট্যাঙ্ক পরিষ্কার করা হয় না। কর্তৃপক্ষ বলছেন, কাজ হচ্ছে। কিন্তু এখনও সমস্যা মেটেনি।
রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক আধিকারিক জানান, জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাছে জলের মান পরীক্ষার জন্যে পাঠিয়েছেন। ভূগর্ভস্থ জলাধার পরিষ্কার করা হয়েছে। আবাসনের ১৪১টি ট্যাঙ্কের সাফাই চলছে। ২০টির কাজ শেষ হয়েছে। জলের মানও পরীক্ষা করা হয়েছে।
নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি জানায়, সমস্যা নির্দিষ্ট ভাবে একটি ব্লকে হয়েছে। বাকি জায়গায় হয়নি। তাই পরীক্ষার জন্য আবাসনের ওই ব্লকের জল সংগ্রহ করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)