Advertisement
E-Paper

বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়িতে ইডির হানা! ভোটের আগে ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থা, কলকাতার আরও কয়েকটি জায়গায় তল্লাশি

সোনা পাপ্পুর বাড়ি ছাড়াও কলকাতার আরও বেশ কয়েকটি জায়গায় ইডি হানা দিয়েছে বলে খবর। আর্থিক তছরুপের মামলায় বালিগঞ্জের ‘সান এন্টারপ্রাইস’ নামে এক সংস্থার অফিসেও চলছে তল্লাশি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৮:৩৩
ED raids several places in South Kolkata

বালিগঞ্জ-সহ কলকাতার একাধিক জায়গায় ইডির অভিযান। —ফাইল চিত্র।

বিধানসভা ভোটের আগে আবার রাজ্যে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সাতসকালে কলকাতার বেশ কয়েকটি জায়গায় প্রায় একসঙ্গে তল্লাশি অভিযান শুরু করেছে তারা। সেই তালিকায় রয়েছে দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িও। এ ছাড়াও, বালিগঞ্জের এক সংস্থার অফিস-সহ বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছে তারা।

ইডি সূত্রে খবর, সোনা পাপ্পুর নামে ইতিমধ্যেই বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। তোলাবাজি, হুমকি-সহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তার মধ্যে চার থেকে পাঁচটি এফআইআর-এর ভিত্তিতে গত কয়েক দিন ধরেই অনুসন্ধান চালাচ্ছিলেন ইডি আধিকারিকেরা। তার পর বুধবারের এই অভিযান। সকাল ৭টার কিছু পরে সোনা পাপ্পুর ফার্ন রোডের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছে যান বলে খবর। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।

কেন এই অভিযান? ইডি সূত্রে খবর, কসবা, বালিগঞ্জ এলাকায় বেশ কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন সোনা পাপ্পু! এমন অভিযোগ পাওয়ার পরই শুরু হয় অনুসন্ধান। বেশ কিছু সূত্রে ইডি আধিকারিকেরা জানতে পারেন, তিনি নাকি বিভিন্ন নির্মাণসংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা তুলতেন। তাঁর মাধ্যমেই নাকি সেই টাকা পৌঁছে যেত ‘প্রভাবশালী’দের কাছে। অভিযোগগুলির তদন্ত করতে গিয়েই বুধবারের অভিযান বলে সূত্রের দাবি।

সোনা পাপ্পুর বাড়ি ছাড়া দক্ষিণ কলকাতার আরও বেশ কয়েকটি জায়গায় ইডি হানা দিয়েছে। আর্থিক তছরুপের মামলায় বালিগঞ্জের ‘সান এন্টারপ্রাইস’ নামে এক সংস্থার অফিসেও অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। তবে এই সংস্থার সঙ্গে সোনা পাপ্পুর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

অনেকে দাবি করেন, সোনা পাপ্পু দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের ঘনিষ্ঠ। ঘটনাচক্রে সেই দেবাশিসকেও জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ডেকেছিল ইডি। তার দু’দিন পরেই সোনা পাপ্পুর বাড়িতে এই অভিযান। কিছু দিন আগে রবীন্দ্র সরোবরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাতে সোনা পাপ্পুর নাম জড়িয়েছিল। কিন্তু এখনও পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি। গোলপার্কে দুই গোষ্ঠীর ওই সংঘর্ষ নিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়ায় বার বার উঠে এসেছে সোনা পাপ্পুর দলবলের নাম। তাঁরাই এলাকায় অশান্তি করেছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। যদিও সোনা পাপ্পু দাবি করেছিলেন, ওই গোষ্ঠী সংঘর্ষে তিনি কোনও ভাবেই যুক্ত নন।

ED Raids
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy