Advertisement
E-Paper

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! হুমকিবার্তা পেয়ে থানায় অভিযোগ, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, তৎপর পুলিশ

গত সপ্তাহে কলকাতা এবং জেলার একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের হুমকি ইমেল গিয়েছে। কলকাতায় তার তদন্ত করছে এসটিএফ। তার মাঝেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ফের এল হুমকিবার্তা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৭:১৬
ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক।

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক। —ফাইল চিত্র।

এ বার ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! বিস্ফোরণের হুমকি দিয়ে সেখানকার কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছে বলে অভিযোগ। কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। বম্ব স্কোয়াড বিষয়টি খতিয়ে দেখছে। তল্লাশি চলছে।

গত সপ্তাহে কলকাতা এবং জেলার একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের হুমকি ইমেল গিয়েছে। কলকাতার নগরদায়রা আদালত এবং রুবির কাছে পাসপোর্ট অফিসে সেই কারণে আতঙ্ক ছড়ায়। কলকাতা পুলিশের এসটিএফ বিষয়টির তদন্তভার হাতে নেয়। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। কোথা থেকে ইমেল পাঠানো হচ্ছে, তা-ও স্পষ্ট নয়। এর মধ্যে ফের কলকাতায় বোমাতঙ্ক ছড়াল। এ বার ঘটনাস্থল খাস ভিক্টোরিয়া মেমোরিয়াল। জানা গিয়েছে, শুক্রবার হেস্টিংস থানায় ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ হুমকিবার্তার অভিযোগ জানান। তার পরেই পুলিশ তৎপর হয়। লালবাজার থেকে ভিক্টোরিয়ায় পাঠানো হয় বম্ব স্কোয়াড। চত্বর খালি করে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও গত কয়েক দিনে বার বার হুমকি ইমেল গিয়েছে। বিশেষত পোস্ট অফিসগুলিতে অবস্থিত পাসপোর্ট দফতরে ওই ইমেল পাঠানো হচ্ছে। অধিকাংশ হুমকিবার্তাতেই বলা হচ্ছে, দফতরে বোমা রাখা আছে। আরডিএক্স বিস্ফোরণের মাধ্যমে গোটা চত্বর উড়িয়ে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত আসা সব হুমকিই ভুয়ো। যদিও প্রতিটি হুমকিবার্তাকে গুরুত্ব দিয়ে দেখছেন কর্তৃপক্ষ। ঝুঁকি না নিয়ে এলাকা ফাঁকা করে নির্দিষ্ট পদ্ধতি মেনে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বোমার খোঁজে চলছে চিরুনিতল্লাশি। তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। বিঘ্নিত হচ্ছে পরিষেবা।

ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতি দিন বহু মানুষ সেখানকার সংগ্রহশালা দেখতে যান। এমনকি, থাকেন অনেক বিদেশি পর্যটকও। কলকাতার আকর্ষণের কেন্দ্রে রয়েছে এই ভিক্টোরিয়া। সেখানে বোমাতঙ্ক শহরে চাঞ্চল্য তৈরি করেছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মতো গুজরাতেও পর পর কয়েকটি বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে সৌরভ বিশ্বাস নামের এক জনকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে গুজরাত পুলিশ। তিনি উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বোমাতঙ্কের চক্রের হদিস মিলতে পারে বলে মনে করছিল কলকাতা পুলিশের এসটিএফ। কিন্তু তার মাঝেই ফের এল হুমকিবার্তা।

Bomb Threat Kolkata Police Victoria Memorial Hall
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy