E-Paper

ডাক্তারকে মারধরে অভিযুক্ত রোগীর আত্মীয়, গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী চিকিৎসক এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালের শল্য বিভাগে কর্মরত। লিখিত অভিযোগে ওই চিকিৎসক জানিয়েছেন, রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৭:৪৩

—প্রতীকী চিত্র।

শহরেরই এক মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিতরে কর্তব্যরত চিকিৎসককে মারধর এবং হেনস্থার অভিযোগ উঠল রোগীর পরিবার এবং আত্মীয়দের বিরুদ্ধে। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের আক্রান্ত ওই চিকিৎসক এন্টালি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক জনকে। ধৃতের নাম মহম্মদ ফৈয়াজ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী চিকিৎসক এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালের শল্য বিভাগে কর্মরত। লিখিত অভিযোগে ওই চিকিৎসক জানিয়েছেন, রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে। হাসপাতালের ইউএনবি বিভাগের দ্বিতীয় তলে তিনি ডিউটি করছিলেন। সেই সময়ে আচমকা রোগীর চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বাড়ির লোকজন তাঁকে হেনস্থা শুরু করেন বলে অভিযোগ। চিকিৎসককে ধাক্কাধাক্কি করার পাশাপাশি, তাঁর কর্তব্যে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। সূত্রের খবর, পুলিশ সঙ্কটজনক অবস্থায় এক রোগীকে এনেছিলেন। পরবর্তীতে তাঁর চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বাড়ির লোকজন চিকিৎসকের উপরে চড়াও হন। পুলিশের সামনেই চিকিৎসককে হেনস্থার ওই ঘটনা ঘটে বলে অভিযোগ।

ঘটনার পরদিন এন্টালি থানায় রোগীর তিন পরিজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক। অভিযোগে তাঁদের নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছে এক আত্মীয়কে। এন আর এস হাসপাতালের তরফে বলা হয়েছে, ‘‘পুলিশের সামনে ঘটনাটি ঘটেছিল। সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

harassment arrest

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy