৮টা ৪৫ মিনিট। অন্য দিনের মতোই সোমবার সকালবেলায় বাপিকাকুর ভ্যানে চড়ে স্কুলে এসেছিলাম। সঙ্গে ছিল অন্য বন্ধুরাও।
প্রথম ক্লাসটা ছিল পিটি-র। ভ্যান থেকে নেমে লাইন দিয়ে সবাই স্কুলে ঢুকছি। আমার সামনে ছিল আমার বন্ধু রূপসা। ওর সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছিলাম। হঠাৎই সামনে ফট ফট শব্দ!
হঠাৎ দেখি, হুড়োহুড়ি পড়ে গেল। সবাই লাইন ছে়ড়ে যে যার মতো দৌড়তে লাগল। আমিও বুঝতে না পেরে স্কুলের দিকে দৌড়ে গেলাম। স্কুলের দরজাটা একটুখানি খোলা ছিল। কিন্তু তখনই আমাদের স্কুলের মায়া মাসি গেটটা ঠেলে পুরোটাই খুলে দিল। কয়েক জন কাকু-কাকিমাও এসেছিল। সবাই দুদ্দাড় করে স্কুলের ভিতরেই ঢুকে পড়ল। একটু ভয় করছিল তখন।
সামনে দেখলাম একটা মোটরসাইকেল বেরিয়ে গেল। কয়েক জন ওটার পিছনে দৌড়ল। আর এক জায়গায় একটা ছো়ট্ট জটলা। ‘গোলি চালা দিয়া’, ‘গোলি চালা দিয়া’, বলছিল সবাই। এর মধ্যেই দেখি আমার ভ্যানকাকু দৌড়তে দৌড়তে আমাদের দিকে আসছে।
ভ্যানকাকু এসে আমরা যারা এসেছি, তাদের সবাইকে কিছু ক্ষণ দাঁড় করিয়ে রাখল। আমরা ছ’জন ছিলাম। ফোনে আমাদের সবার বাড়িতে কথা বলে দু’জনকে স্কুলে ঢুকে যেতে বলল। আর আমাদের চার জনকে বলল, চল, তোদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। আমরা আবার সবাই ভ্যানে উঠে পড়লাম। বাড়িতে গিয়ে তো আবার পড়তে বসতে হবে!
এই সংক্রান্ত আরও খবর...