নাকা তল্লাশির সময় ১০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন। রবিবার হুগলির গুপ্তিপাড়ার ঘটনা। সূত্রের খবর, বেঙ্গালুরু থেকে বারুইপুর হয়ে নবদ্বীপ যাচ্ছিলেন এক ব্যক্তি। তাঁর কাছ থেকে ওই সোনা উদ্ধার হয়েছে। আটক করা হয় গাড়িটিও।
রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ গুপ্তিপাড়ার বাধাগাছি মীরডাঙার কাছে এসটিকেকে রোডে নাকা তল্লাশিতে একটি চারচাকা গাড়ি আটকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় চালক এবং এক সওয়ারিকে। ওই যুবকের কাছে একটি কালো রঙের ব্যাগ ছিল। তাতে একটি সোনার নেকলেস মেলে। ওই যুবক জানান, তাঁর বাড়ির গয়না। বারুইপুর থেকে নবদ্বীপ যাচ্ছেন তিনি। কিন্তু গয়নার ক্যাশমেমো বা কাগজ দেখাতে পারেননি তিনি।
নাকার দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট দীপ্তেশ চৌধুরী জানান, কমিশনের নির্দেশ মেনে তল্লাশি হয়। বেআইনি টাকা বা অস্ত্র বা সোনাদানা নিয়ে যাওয়া হচ্ছে কি না, তা দেখা হচ্ছিল। সেই মতো এসটিকেকে রোডে তল্লাশির সময় গাড়িটি আটকানো হয়েছিল। যুবকের কাছ থেকে ৭০ গ্রামের বেশি ওজনের সোনা আটক করা হয়েছে। পুলিশ আধিকারিকেরা স্থানীয় একটি গয়নার দোকান থেকে ওজন করার যন্ত্র নিয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন:
শেষমেশ কাগজ দেখাতে না পারায় সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। যুবককে জিজ্ঞাসাবাদে জানা যায়, বেঙ্গালুরু থেকে গয়না নিয়ে বারুইপুর হয়ে নবদ্বীপ যাচ্ছিলেন তিনি। তবে আরও তথ্যের প্রয়োজন। সে জন্য আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।