Advertisement
E-Paper

বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে চার দিনের পুলিশি হেফাজতে পাঠাল কোর্ট, তদন্তে অসহযোগিতার অভিযোগ

বিধানসভা ভোটের আগে উস্কানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মঙ্গলবার গর্গকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার সেল। আদালত তাঁকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৬:৪৬
বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়।

বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ১৬ মে পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে থাকতে হবে। বুধবার গর্গকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়েছিল। সেখানে তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলেন সরকার পক্ষের আইনজীবী। গর্গ সেই অভিযোগ অস্বীকার করেছেন।

বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে মঙ্গলবার গর্গকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার সেল। বুধবার আদালতে তাঁর পাঁচ দিনের হেফাজত চায় পুলিশ। সরকার পক্ষের আইনজীবী বিচারককে জানান, একাধিক বার গর্গকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। একে তদন্তে অসহযোগিতা বলে উল্লেখ করে পুলিশ। এ ছাড়া তদন্তকারীদের দাবি, গর্গ যে পোস্ট সমাজমাধ্যমে করেছি‌লেন, তা প্রতিষ্ঠানবিরোধী।

পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন গর্গ। তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, গর্গ তদন্তে কোনও ভাবেই অসহযোগিতা করেননি। বরং, পুলিশের তলবের জবাবে আগামী ১৪ মে হাজিরা দেবেন বলে জানিয়েছিলেন। তাঁর কাছ থেকে সমস্ত ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে অভিযোগ। তার পরেও কেন তাঁকে হেফাজতে রাখতে চায় পুলিশ, প্রশ্ন তুলেছিলেন গর্গের আইনজীবী। উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক গর্গের চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। ১৬ তারিখের পর আবার তাঁকে আদালতে হাজির করানো হবে।

সূত্রের খবর, গর্গের সমাজমাধ্যমের পোস্ট নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেখান থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ যায়। তার ভিত্তিতে মঙ্গলবার গর্গকে গ্রেফতার করে পুলিশ।

ইভিএম নিয়ে কী বলেছিলেন গর্গ?

বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা ভোটের আবহে প্রশ্ন তুলেছিলেন, রাতে দেখেশুনে সিল করে রাখার পরেও ভোটগণনার সময় কেন ইভিএম খারাপ হচ্ছে? ভবানীপুর বিধানসভার ভোটার গর্গ ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন। অন্য দিকে, ভোট দিয়ে বার হওয়ার আগে ভাল করে ভিভিপ্যাট দেখে নিতেও পরামর্শ দিয়েছিলেন তিনি। তদন্তকারীদের দাবি, নির্বাচন চলাকালীন গর্গের ইভিএম সংক্রান্ত মন্তব্য আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘনের শামিল। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, গর্গকে দু’বার তলব করা হয়েছিল কিন্তু তিনি হাজিরা দেননি। তাই স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করেছে পুলিশ। গর্গের পোস্টে বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে ভেদাভেদের ভাবনা রয়েছে বলেও জানান সিপি। সেই সংক্রান্ত অভিযোগও এই মামলায় যুক্ত করা হয়েছে।

Garga Chatterjee Bangla Pokkho Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy