E-Paper

মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র নয়, তবু শিক্ষকের সঙ্কটে ব্যাহত পঠনপাঠন

বেলগাছিয়ার একটি স্কুলের কর্তৃপক্ষ জানাচ্ছেন, মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হওয়ার পরিকাঠামো তাঁদের স্কুলে থাকা সত্ত্বেও তা করা হয়নি।

আর্যভট্ট খান

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মাধ্যমিক শুরু হয়েছে সোমবার। যে সব স্কুল মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হয়নি, সেখানে নিয়মিত ক্লাস হওয়ার কথা। কিন্তু অভিযোগ, পরীক্ষা কেন্দ্র না হওয়া সত্ত্বেও এমন বেশ কিছু স্কুলে পরীক্ষার প্রথম দিনেই ক্লাস নিয়মিত হল না। এর কারণ হিসেবে ওই সব স্কুলের প্রধান শিক্ষকদের অভিযোগ, একে তো স্কুলে শিক্ষকের অভাব। তার মধ্যে মাধ্যমিক পরীক্ষার জন্য তাঁদের স্কুল থেকে শিক্ষক নিয়ে নেওয়ায় স্কুল আরও সঙ্কটে ভুগছে। ফলে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র না হওয়া সত্ত্বেও ক্লাস ঠিক মতো করা যাচ্ছে না।

বেলগাছিয়ার একটি স্কুলের কর্তৃপক্ষ জানাচ্ছেন, মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হওয়ার পরিকাঠামো তাঁদের স্কুলে থাকা সত্ত্বেও তা করা হয়নি। ওই স্কুলের এক শিক্ষক বলেন, ‘‘উপরন্তু আমাদের স্কুল থেকে কয়েক জন শিক্ষককে মাধ্যমিকের গার্ড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আবার, বিএলও-র কাজেও শিক্ষকেরা গিয়েছেন। ফলে, স্কুলে শিক্ষক বেশ কম। তা হলে মাধ্যমিক চলাকালীন ক্লাস কী ভাবে হবে? ভেবেছিলাম পাঠ্যক্রম কিছুটা এগিয়ে রাখব। সেটা আর পারছি কোথায়?’’ শিক্ষকদের অভিযোগ, পরিকাঠামো ভাল, শিক্ষক পর্যাপ্ত, এমন বেশ কিছু স্কুলে মাধ্যমিকের আসন পড়েনি। অথচ পরিকাঠামো যথেষ্ট নেই, এমন স্কুল পরীক্ষার কেন্দ্র হয়েছে। এর ফলে ওই সব স্কুলে নজরদারের ঘাটতি মেটাতে অন্য স্কুল থেকে শিক্ষক নিয়ে যাওয়া হয়েছে। এর জেরে আসন পড়েনি, এমন স্কুলগুলির পঠনপাঠন ব্যাহত হচ্ছে।

এই সমস্যা বেশ কিছু স্কুলের বলে জানাচ্ছেন টাকি বয়েজ় স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা বসাক। স্বাগতা বলেন, ‘‘শিক্ষা দফতর নির্দেশ দিয়েছে, যে স্কুলে মাধ্যমিক হচ্ছে না, সেখান থেকে প্রয়োজনে শিক্ষক নিতে হবে। যে সব স্কুল থেকে শিক্ষক নেওয়া হচ্ছে, সেই সব স্কুলের মধ্যে অনেক স্কুলকেই মাধ্যমিক চলাকালীন কম ক্লাস করাতে হবে। আমরা শিক্ষা দফতরের নির্দেশ মতোই চলছি।’’

মাধ্যমিকের আসন পড়েনি, এমন কিছু স্কুলের প্রধান শিক্ষকদের একাংশ আবার জানাচ্ছেন, তাঁদের থেকে মাধ্যমিকের গার্ডের জন্য শিক্ষক চাওয়া হলেও তাঁরা দেননি। কারণ, তাঁদের স্কুল উচ্চ মাধ্যমিকের কেন্দ্র হবে। এ রকমই একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘‘এখন যদি মাধ্যমিকের জন্য আমাদের শিক্ষক দিতে হয়, তা হলে এখন থেকেই শিক্ষকের অভাবে ক্লাস ব্যাহত হবে। পরে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলে ক্লাস হবে না। তা হলে ক্লাসটা কখন হবে?’’

যদিও মধ্যশিক্ষা পর্ষদের দাবি, মাধ্যমিক পরীক্ষা শুরুই হয়েছে ২ তারিখ সোমবার থেকে। শিক্ষকের অভাবে গার্ড দিতে অসুবিধাহয়েছে, এ রকম কোনও অভিযোগ প্রথম দিন ওঠেনি। পরীক্ষাও সুষ্ঠু ভাবে হয়েছে। পরীক্ষা পরিচালনে কোনও অসুবিধা হয়নি। মধ্যশিক্ষা পর্ষদেরএক কর্তা জানাচ্ছেন, শুধু এ বছরেই নয়, অন্যান্য বারও যে সব স্কুল মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হয় না, সেই সব স্কুল থেকে শিক্ষকদের এনেঅন্য স্কুলে গার্ড দেওয়ার জন্যপাঠানো হয়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Examination

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy