ভজন এবং ভক্তিগানে মুগ্ধ। শিল্পীকে টাকার পাহাড়ে ডুবিয়ে দিলেন শ্রোতা এবং আয়োজকেরা! মাথা অবধি টাকায় ঢেকে গেল ওই গায়কের। ঘটনাটি ঘটেছে গুজরাতের জুনাগড় জেলায় অনুষ্ঠিত একটি ভক্তিমূলক অনুষ্ঠানে। সেখানেই গাইতে এসেছিলেন জনপ্রিয় ভজনশিল্পী কবিরাজ জিগনেশ। তিনি সঙ্গীত পরিবেশনের সময় ভক্তরা মঞ্চের উপর বিপুল পরিমাণে টাকা ওড়াতে শুরু করে। সেই টাকা দিয়ে কার্যত মুড়ে দেওয়া হয় কবিরাজকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বিতর্কও মাথাচাড়া দিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভক্তিমূলক ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জুনাগড়ের মালিয়া হাটিনায়। ভগবৎ জ্ঞান যজ্ঞ সম্পর্কিত একটি ধর্মীয় উদ্যাপনের জন্য শত শত মানুষ সমবেত হয়েছিলেন সেখানে। ভজন এবং ভক্তিগীতি পরিবেশন করছিলেন জিগনেশ। এমন সময় উপস্থিত ভক্তগণ উৎসাহের সঙ্গে মঞ্চের দিকে টাকা ছুড়তে শুরু করেন। শুরুতে মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকা লোকেরা একটি একটি করে নোট নিবেদন করেন। তবে অনুষ্ঠান যত এগোতে থাকে, নিবেদনের পরিমাণও উল্লেখযোগ্য ভাবে বাড়তে থাকে বলে খবর। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন ভক্তেরা মুহুর্মুহু হাততালি দিচ্ছেন, নাচছেন। অনেকে গানের সঙ্গে সুর মেলাচ্ছেন। টাকা উড়ছে মঞ্চে। এর পর বেশ কয়েক জন দর্শককে টাকায় ভরা ব্যাগ এবং বস্তা হাতে মঞ্চের দিকে এগিয়ে আসতে এবং বাতাসে নোট ছুড়েতে দেখা গেল। শিল্পীর চারপাশে জমতে থাকা টাকার ক্রমবর্ধমান স্তূপ সামলাতে হিমশিম খেতে থাকলেন স্বেচ্ছাসেবকরা। এর মধ্যে গায়ক জিগনেশকে টাকার পাহা়ড়ে ডুবে যেতেও দেখা গেল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দেশগুজরাত’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ওই ভাবে টাকা ওড়ানো নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। যদিও ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর আয়োজকেরা স্পষ্ট করেছেন, সংগৃহীত অর্থ ব্যক্তিগত লাভের জন্য নয়। তাঁদের মতে, এই অনুদান ধর্মীয় কার্যকলাপ, দাতব্য উদ্যোগ এবং ভবিষ্যৎ আধ্যাত্মিক কর্মসূচির সঙ্গে যুক্ত জনকল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করা হবে।