Advertisement
E-Paper

ডামাডোলের জেরে কলকাতা পুরসভার অধিবেশন বাতিল, কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকলেন মমতা

কলকাতা পুরসভার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবারের পুর অধিবেশন স্থগিত। কোনও কারণ উল্লেখ করা হয়নি। কবে অধিবেশন বসবে, তা এখনও স্পষ্ট নয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৮:০৮
Kolkata Municipal Corporation session cancelled amidst uproar, Mamata Banerjee calls meeting with the councillors

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর কলকাতা পুরসভার আধিকারিকদের আর বাগে আনতে পারছেন না তৃণমূলের মেয়র এবং মেয়র পারিষদেরা। এমন পরিস্থিতিতে বাতিল হয়ে গিয়েছে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। বৃহস্পতিবার পুরসভার সচিবের পক্ষে জারি করা এক বিজ্ঞপ্তিতে মাসিক অধিবেশন বাতিলের কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবারের পুর অধিবেশন স্থগিত। বৈঠক স্থগিত কেন, তার কারণ উল্লেখ করা হয়নি। কবে ফের বৈঠক হবে, তা-ও স্পষ্ট নয়।

সেই আবহেই কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকের ডাক দিলেন তৃণমূলেনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরই কলকাতা পুরসভার প্রশাসনিক সমীকরণ বদলাতে শুরু করে। সূত্রের খবর, সেই পর্যায়ে পুর কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয় মেয়র ফিরহাদ হাকিমের। সম্প্রতি কলকাতা পুরসভার তরফে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭টি সম্পত্তিতে নোটিস ধরানো হয়, তাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই আবহে ফিরহাদ হাকিমের ইস্তফা-জল্পনায় আরও ডামাডোল তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বোরো ৯-এর ফিরহাদ ঘনিষ্ঠ চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস ইস্তফা দেন। শুক্রবার দুপুর থেকে পুরসভায় অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ওই অধিবেশন আপাতত বাতিল। সূত্রের খবর, পুর আধিকারিকদের সঙ্গে জনপ্রতিনিধিদের দূরত্বের কারণেই অধিবেশন বাতিল করা হয়েছে।

কলকাতা পুরসভার সচিব ছিলেন স্বপনকুমার কুন্ডু। তাঁকে ওএসডি (স্টেস্ট গেজ়েটারস) পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় কলকাতা পুরসভার সচিব পদে নিয়ে আসা হয়েছে কিশোরকুমার বিশ্বাসকে। তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে ছিলেন।

KMC Mamata Banerjee tmc councillor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy