আগামী ২১ জুন নতুন করে নিট ইউজি হবে। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভুয়ো তথ্য বা গুজব রটানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা বলেন আধিকারিকেরা।
বৈঠকে মূলত আলোচনা করা হয়, কী ভাবে পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং জাতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে ভুয়ো তথ্য বা গুজব ছড়ানো রোধ করা যায়। কেন্দ্রীয় মন্ত্রী গুরুত্ব দিয়েছেন, সম্পূর্ণ নিরাপদ, সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে পরীক্ষা পরিচালনার উপর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
পাশাপাশি, ২১ জুন অনুষ্ঠিত হতে চলা পুনঃপরীক্ষার আগে কোনও ফাঁক থাকলে, তা অবিলম্বে চিহ্নিত করে পদক্ষেপ করতে হবে বলে নির্দেশ দেন আধিকারিকদের। শিক্ষা মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র জেনারেল ডিরেক্টরও উপস্থিত ছিলেন ওই বৈঠকে। নিট ইউজি-র মতো সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষাকে ঘিরে সমাজমাধ্যমে একের পর এক ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়।
সূত্রের খবর, নিট ইউজি সংক্রান্ত কোনও রকম ভুয়ো তথ্য যাতে সমাজমাধ্যমে ছড়িয়ে না পড়তে পারে, সে জন্য মেটা, গুগল এবং টেলিগ্রাম-সহ বিভিন্ন বড় ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। কর্তৃপক্ষ জানিয়েছে, নিট ইউজি-র মতো বড় পরীক্ষার আগে অনেক ভুয়ো তথ্য ঘুরে বেড়ায় পরিচয়হীন ডিজিটাল চ্যানেল বা গ্রুপে। এর ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়। ধর্মেন্দ্র প্রধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভুয়ো তথ্য ও অপপ্রচার ছড়ানো নেটওয়ার্কগুলির বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেন। পরীক্ষার আগে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো চ্যানেলগুলিকে চিহ্নিত করে ‘ব্লক’ করে দেওয়ার কথাও বলেছেন তিনি।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৩ মে প্রায় ২২ লক্ষের বেশি পরীক্ষার্থী বসেছিলেন স্নাতক স্তরের চিকিৎসাবিদ্যায় ভর্তি হওয়ার প্রবেশিকা। ওই পরীক্ষায় বসার জন্য আবেদনমূল্যও জমা দিতে হয়েছিল পড়ুয়াদের। তবে প্রশ্নফাঁসের জেরে সম্পূর্ণ পরীক্ষাই বাতিল করে দেয় এনটিএ। বলা হয়েছিল পরীক্ষার্থীদের আবেদনমূল্যও ফেরত দেওয়া হবে। আর সেই মূল্য ফেরতের জন্য আবেদনের পোর্টাল খোলার দিন ২১ মে। যদিও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আবেদনের কোনও পোর্টাল খোলা হয়নি। তবে নতুন করে ২১ জুনের পরীক্ষায় বসার জন্যও আলাদা ভাবে কোনও আবেদনমূল্য ধার্য করা হয়নি এনটিএ-র তরফে।