E-Paper

জুড়বে জোকা ও উত্তর-দক্ষিণ মেট্রো, বিজ্ঞপ্তি জমি অধিগ্রহণের

মেট্রো সূত্রের খবর, দক্ষিণ-পশ্চিম শহরতলির সঙ্গে শহরের কেন্দ্রস্থলের যোগাযোগ ছাড়াও পরিচালনগত স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই ডায়মন্ড পার্ক পর্যন্ত মেট্রো সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিরোজ ইসলাম 

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০৬:২৬
কলকাতা মেট্রো।

কলকাতা মেট্রো। — ফাইল চিত্র।

মেট্রোর মাধ্যমে দক্ষিণ-পশ্চিম শহরতলির যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে জোকা মেট্রোকে এ বার আইআইএম কলকাতা ছাড়িয়ে ডায়মন্ড পার্ক পর্যন্ত সম্প্রসারিত করতে তৎপর হল রেল মন্ত্রক। এর আগে ওই মেট্রো এসপ্লানেড থেকে ইডেন গার্ডেন্স এবং দক্ষিণে আইআইএম পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছিল। রেল মন্ত্রক প্রাথমিক ভাবে ওই প্রস্তাব গ্রহণ করলেও আপাতত দক্ষিণে মেট্রোর সম্প্রসারণের বিষয়টিকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে।

মেট্রো সূত্রের খবর, দক্ষিণ-পশ্চিম শহরতলির সঙ্গে শহরের কেন্দ্রস্থলের যোগাযোগ ছাড়াও পরিচালনগত স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই ডায়মন্ড পার্ক পর্যন্ত মেট্রো সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দক্ষিণে জোকা স্টেশনের পরে আইআইএম জোকা এবং ডায়মন্ড পার্ক— এই দু’টি স্টেশন তৈরি হবে। ডায়মন্ড পার্ক স্টেশনটি হবে পার্পল লাইন বা জোকা মেট্রোর অন্তিম স্টেশন। একই সঙ্গে, ওই স্টেশনের মাধ্যমে ভবিষ্যতে পার্পল লাইন উত্তর-দক্ষিণ মেট্রোর টালিগঞ্জ স্টেশনের সঙ্গে যুক্ত হবে। ওই সম্প্রসারণ পরিকল্পনাও রেলের পক্ষ থেকে ভেবে রাখা হয়েছে।

মেট্রোপথগুলির পারস্পরিক সংযুক্তির মাধ্যমে যোগাযোগের উন্নতি ছাড়াও দু’টি প্রায় সমান্তরাল মেট্রোপথের (ব্লু লাইন এবং পার্পল লাইন) সরাসরি সংযুক্তি ঘটলে জোকা মেট্রোর ডিপোর ব্যবহারিক গুরুত্ব বহু গুণ বাড়বে। একই সঙ্গে, টালিগঞ্জে মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন লাগোয়া ডিপোর গুরুত্বও বাড়বে। যে কোনও প্রয়োজনে নোয়াপাড়া অথবা কবি সুভাষ মেট্রো থেকে রেক ব্লু লাইন ব্যবহার করে টালিগঞ্জ এবং ডায়মন্ড পার্ক হয়ে জোকা ডিপোয় নিয়ে যাওয়া এবং সেখান থেকে নিয়ে আসা যাবে। এর ফলে মেট্রোর পরিচালনগত ক্ষেত্রে বিপুল সুবিধা হবে।

বর্তমানে জোকা মেট্রোর ডিপো রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়, এসপ্লানেড থেকে ডায়মন্ড হারবার যাওয়ার পথে রাস্তার ডান দিকে। নোয়াপাড়ার পরে ওই ডিপোয় সর্বাধিক ২২টি পর্যন্ত রেক রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রক্ষণাবেক্ষণ করা যায়।

মেট্রোকর্তাদের দাবি, এসপ্লানেড থেকে জোকা পর্যন্ত মেট্রোপথের যে পরিকল্পনা রয়েছে, তাতে নোয়াপাড়ার কারশেড থেকে ওই মেট্রোয় কোনও ভাবেই রেক আনা সম্ভব নয়। বর্তমানে জোকা মেট্রোয় যে দু’টি রেক চলে, সেগুলি সড়কপথে ট্রেলারের মাধ্যমে নিয়ে যেতে হয়েছে। কোনও কারণে ওই রেক বিকল হলে পরিষেবা বন্ধ রেখে রেক মেরামতি করতে হয়। বিকল্প রেক দ্রুত নিয়ে যাওয়া সম্ভব হয় না। চালু ব্যবস্থায়, ওই মেট্রোর জোকা ডিপো কার্যত বিচ্ছিন্ন। মেট্রো পরিষেবা পরিচালনার নানা দিক খতিয়ে দেখেই তাই ডায়মন্ড পার্ক পর্যন্ত সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এ প্রসঙ্গে এক মেট্রোকর্তা বলেন, ‘‘টালিগঞ্জ এবং ডায়মন্ড পার্ক সংযুক্ত হলে মেট্রোর রেক ব্যবহারের কার্যকারিতা বহু গুণ বৃদ্ধি পাবে। রেকের অভাবে পরিষেবা ব্যাহত হওয়ার ভয় কমবে। যাতায়াতের উন্নতি হওয়া ছাড়াও মেট্রোর পরিকাঠামো এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যাবে।’’

জোকা মেট্রো ডায়মন্ড পার্ক পর্যন্ত সম্প্রসারণের জন্য সম্প্রতি ৫৮৭১ বর্গমিটার জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মেট্রো রেলের ১৯৭৮ সালের জমি অধিগ্রহণ আইন অনুসারে জারি করা হয়েছে ওই বিজ্ঞপ্তি। হাঁসপুকুরিয়া এবং সরমাস্টারচক মৌজায় ওই জমি রেল বিকাশ নিগম লিমিটেডের মাধ্যমে নেওয়া হবে বলে সূত্রের খবর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kolkata metro services Kolkata Metro

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy