Advertisement
E-Paper

মঙ্গলবার কলকাতার আকাশে ১২ মিনিট চাঁদের ছায়ায় ঢাকবে সূর্য, খণ্ডগ্রাস গ্রহণ কখন শুরু?

ভারতের উত্তর-পশ্চিমের রাজ্যগুলি থেকে মঙ্গলবারের গ্রহণ খুব স্পষ্ট দেখা যাবে। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপের কারণে আকাশ মেঘলা থাকলে গ্রহণ দেখতে না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ১১:৪২
খণ্ডগ্রাস সূর্যগ্রহণ মঙ্গলবার।

খণ্ডগ্রাস সূর্যগ্রহণ মঙ্গলবার। —ফাইল ছবি

মঙ্গলবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। দেশের নানা প্রান্ত থেকে এই গ্রহণ দেখা যাবে। সূর্যকে আংশিক ‘গ্রাস’ করবে চাঁদ। দুপুরের পর গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তা স্পষ্ট দেখা যাবে সূর্যাস্তের ২ ঘণ্টা আগে থেকে। সূর্যাস্ত পর্যন্ত গ্রহণ দেখতে পাবেন মানুষ।

‘অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া’-র তরফে জানানো হয়েছে, ভারতের উত্তর-পশ্চিমের রাজ্যগুলি থেকে মঙ্গলবারের গ্রহণ খুব স্পষ্ট দেখা যাবে। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের কারণে আকাশ মেঘলা থাকলে গ্রহণ দেখতে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মঙ্গলবার সকাল থেকে কলকাতায় রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। গ্রহণ দেখার জন্য উদ্‌গ্রীব হয়ে আছেন আগ্রহীরা।

সূর্যের মাত্র ৪ শতাংশ আড়াল করতে পারবে চাঁদ। ভারতীয় সময় অনুযায়ী, গ্রহণ শুরু হবে মঙ্গলবার দুপুর ২টো ২৯ মিনিটে। সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গ্রহণ শেষ হবে। অর্থাৎ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ চলবে ৪ ঘণ্টা ৩ মিনিট। কেন্দ্রীয় সরকারি সংস্থা পজিশন্যাল অ্যাস্ট্রোনমি সেন্টার (পিএসি)-এর অধিকর্তা সঞ্জীব সেন জানান, কলকাতায় আংশিক গ্রহণ শুরু হবে বিকেল ৪টা ৫২ মিনিটে। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪ মিনিটে। অর্থাৎ ১২ মিনিট গ্রহণ দেখা যাবে। দিল্লি এবং মুম্বইয়ে যথাক্রমে ১ ঘণ্টা ১৩ মিনিট এবং ১ ঘণ্টা ১৯ মিনিট গ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।

আন্দামান নিকোবার এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ ছাড়া সারা ভারতেই এই গ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা সকলকে যথাযথ সাবধানতা অবলম্বন করে গ্রহণ দেখার জন্য আহ্বান জানিয়েছেন। উত্তর-পূর্বের আইজল, ডিব্রুগড়, ইম্ফল, ইটানগর, কোহিমা, শিবসাগর, শিলচরে গ্রহণ দেখা যাবে না।

ভারত ছাড়া মঙ্গলবার সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, এশিয়ার পশ্চিম অংশে, অতলান্তিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগে। পরবর্তী আংশিক সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ অগস্ট।

Partial Solar Eclipse India Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy