কলকাতা মেট্রোর গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ) সব স্টেশনে ‘প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর’ আছে। সেই দরজাগুলির উন্নত মানের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য পদক্ষেপ করলেন মেট্রো রেল কর্তৃপক্ষ। ‘প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর’ মডেল রুম উদ্বোধন হল।
বৃহস্পতিবার সেন্ট্রাল পার্ক ডিপো কমপ্লেক্সে এই উদ্বোধনী অনুষ্ঠানটি হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার (জিএম) শুভ্রাংশু এস মিশ্র এবং অন্য আধিকারিকেরা। ওই মডেল রুম থেকেই মেট্রোকর্মীদের ‘প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর’ সম্পর্কিত যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হবে। কী ভাবে ওই দরজার রক্ষণাবেক্ষণ সম্ভব, কোনও কারণে ওই দরজায় কোনও সমস্যা দেখা দিলে দ্রুত কী ভাবে তা সমাধান করা যাবে— সেই সব বিষয়ে খুঁটিনাটি তথ্য জানানো হবে মেট্রোকর্মীদের।
আরও পড়ুন:
মেট্রো কর্তৃপক্ষের মতে, এই মডেল রুমটি মেট্রোকর্মীদের ‘প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর’ এবং তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার করা হবে। হাতেকলমে শেখানো হবে সব কাজ। এই দরজায় কোনও ত্রুটি ধরা পড়লে তা দ্রুত মেরামত করতে সক্ষম হবে মেট্রোকর্মীরা। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে।
দিনে দিনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। বিশেষত কলকাতা মেট্রোর ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) এই প্রবণতা বেশি। তা দূর করতে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি থেকে শুরু করে আর নানা পদক্ষেপ করেছেন মেট্রো কর্তৃপক্ষ। ‘স্ক্রিন ডোর’ থাকলে আত্মহত্যার ঘটনায় অনেকটা লাগাম পরানো যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। মেট্রো কর্তৃপক্ষের মতে, ব্লু লাইনে যে হেতু অন্য প্রযুক্তি দিয়ে তৈরি তাই সেই লাইনের স্টেশনগুলিতে ‘প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর’ বসানো সম্ভব নয়। তবে গ্রিন লাইনের ক্ষেত্রে সম্ভব। তাই সেই কাজ দ্রুতগতিতে করা হচ্ছে।