E-Paper

ইস্পাতের বদলে অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসল মেট্রোয়

নতুন ব্যবস্থায় সুড়ঙ্গের তাপ উৎপাদনের মাত্রা কমবে। ফলে সুড়ঙ্গ ঠান্ডা রাখা আরও অনেকটা সহজ হবে। এর পাশাপাশি বিদ্যুতের সাশ্রয়ও হবে। একই সঙ্গে ভবিষ্যতে সর্বনিম্ন আড়াই থেকে তিন মিনিটের ব্যবধানে ওই পথে মেট্রো চালানো সম্ভব হবে বলেও সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ০৯:৩৪
কলকাতা মেট্রো।

কলকাতা মেট্রো। —ফাইল চিত্র।

কাজ শুরু করার দু’বছরের মধ্যে উত্তর-দক্ষিণ মেট্রোয় দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত অংশের মধ্যে আপ এবং ডাউন লাইনে ইস্পাতের থার্ড রেল বদল করে অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসানোর কাজ সম্পূর্ণ হল। ওই মেট্রোর সুড়ঙ্গপথের অংশে থার্ড রেল বদলের কাজ শেষ হওয়ায় পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নতি এবং সাশ্রয় হবে বলে জানাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ।

নতুন ব্যবস্থায় সুড়ঙ্গের তাপ উৎপাদনের মাত্রা কমবে। ফলে সুড়ঙ্গ ঠান্ডা রাখা আরও অনেকটা সহজ হবে। এর পাশাপাশি বিদ্যুতের সাশ্রয়ও হবে। একই সঙ্গে ভবিষ্যতে সর্বনিম্ন আড়াই থেকে তিন মিনিটের ব্যবধানে ওই পথে মেট্রো চালানো সম্ভব হবে বলেও সূত্রের খবর। সুড়ঙ্গপথের অংশে অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসানোর পাশাপাশি, ওই মেট্রোর মাটির উপরের অংশের থার্ড রেল ইস্পাত থেকে অ্যালুমিনিয়ামে বদল করতে প্রয়োজনীয় বরাত চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে বলে মেট্রো সূত্রের খবর।

মেট্রো সূত্রে আরও জানা গিয়েছে, চার দশকেরও বেশি পুরনো, কলকাতার উত্তর-দক্ষিণ মেট্রোর ইস্পাতের থার্ড রেল ব্যবহার করে আধুনিক বাতানুকূল রেকগুলির বিদ্যুতের চাহিদা পূরণের ক্ষেত্রে সমস্যা দেখা দিত। কারণ, ইস্পাতের তৈরি থার্ডরেলের বিদ্যুৎ পরিবহণ ক্ষমতা অ্যালুমিনিয়ামের থার্ড রেলের ছয় ভাগের এক ভাগ মাত্র। ফলে পুরনো থার্ডরেল বিদ্যুতের চাহিদা মেটাতে গিয়ে অস্বাভাবিক গরম হয়ে উঠত। তাতে প্রায়শয়ই থার্ড রেলে স্ফুলিঙ্গ সৃষ্টি হওয়া ছাড়াও নানা বিপত্তি দেখা দিত। এছাড়া বিপুল পরিমাণ বিদ্যুতের অপচয় তো ছিলই। সেই সমস্যা মেটানোর তাগিদ থেকেই অ্যালুমিনিয়ামের থার্ডরেল বসানোর কথা ভাবা হয়। ২০১২ সালের পর থেকে দেশের সব ক’টি শহরের মেট্রো পরিষেবাতেই অ্যালুমিনিয়ামের থার্ডরেল ব্যবহৃত হয়।

কলকাতা মেট্রোয় উত্তর-দক্ষিণ ছাড়া অন্য সব শাখাতে অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসানো রয়েছে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন, ‘‘নতুন থার্ডরেল ব্যবহারের ফলে বিদ্যুতের বিপুল সাশ্রয় হবে। আগামী ছ’-সাত বছরের মধ্যে ওই খাতে খরচের টাকা উঠে আসবে। এ ছাড়া সুড়ঙ্গ ঠান্ডা থাকবে। সর্বোপরি যাত্রী-স্বার্থে আমরা ওই রুটে ট্রেনের ব্যবধান ১৫০ সেকেন্ডে নামিয়ে আনা যাবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kolkata Metro Kolkata metro services

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy