হাওড়া ব্রিজ়ের উপর দুর্ঘটনার কবলে পড়ল সরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর একটি পিলারে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় বাসের ১৩ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসের চালককেও ইতিমধ্যে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল বাসটি। হাওড়া-কামালগাজি রুটের সি-২৬ বাসটি আচমকাই ব্রিজের একটি সেতুতে গিয়ে ধাক্কা মারে। কী ভাবে এবং কেন দুর্ঘটনাটি ঘটল, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু করেছেন পুলিশকর্মীরা। সূত্রের খবর, ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, চালক দ্রুত গতিতে চালাচ্ছিলেন বাসটিকে। তার জেরেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হাওড়া ব্রিজের ৩৭ নম্বর পিলারে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে পিলার এবং সংলগ্ন রেলিঙেরও ক্ষতি হয়। দুর্ঘটনার পরে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ঘটনার পরে বাসের চালক শেখ আরশাদকে ইতিমধ্যে পাকড়াও করেছেন তদন্তকারীরা। বাসটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছেন পুলিশকর্মীরা।