E-Paper

অ্যাডমিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে টুকলি, ধরতে হয়রান শিক্ষকেরা

পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনা বাধ্যতামূলক। তারই সাদা পাতার পিছনে যে কেউ কেউ কিছু লিখে আনবে, সেটা শিক্ষকেরা ভাবতে পারেননি।

আর্যভট্ট খান

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পরীক্ষার্থীদের অভিনব পদ্ধতিতে টুকলি ধরতে নাজেহাল শিক্ষকেরা।

চলতি বছরে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টাল থেকে ডাউনলোড করে প্রিন্ট করে পরীক্ষার্থীদের দিয়েছে স্কুলগুলি। ওই দুই গুরুত্বপুর্ণ নথির প্রিন্ট আউটের এক দিকে লেখা, অন্য পিঠ সাদা। অভিযোগ, অ্যাডমিট ও রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উল্টো দিকের পাতায় পরীক্ষার্থীরা টুকলি করে নিয়ে যাচ্ছে।

শিক্ষকেরা জানাচ্ছেন, এত দিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্কুলে পাঠাত। সেগুলির দু’দিকেই লেখা থাকত। টুকলি করার কোনও জায়গা থাকত না। এখন স্কুল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রিন্ট আউট দেওয়াতেই সেই সুযোগ পাচ্ছে কিছু পরীক্ষার্থী।

পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনা বাধ্যতামূলক। তারই সাদা পাতার পিছনে যে কেউ কেউ কিছু লিখে আনবে, সেটা শিক্ষকেরা ভাবতে পারেননি। কলকাতার কসবা অঞ্চলের একটি স্কুলের শিক্ষিকা বলেন, ‘‘এক পরীক্ষার্থীর নথি যাচাই করতে গিয়ে দেখি, অ্যাডমিট কার্ডের পিছনে পেনসিল দিয়ে কিছু লেখা রয়েছে। ওই পরীক্ষার্থী ভুল হয়ে গিয়েছে জানিয়ে লেখা ইরেজ়ার দিয়ে মুছেও দেয়। পরীক্ষার পরে অন্য সহকর্মীরা জানান, তাঁরাও কিছু পরীক্ষার্থীকে দেখেছেন, অ্যাডমিট ও রেজিস্ট্রেশন সার্টিফিকেটের পিছনে ছোট ছোট করে কিছু লিখে এনেছে। তখন বুঝতে পারি, ওরা টুকলি করে এনেছিল। জানতে পেরে প্রথম বার তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।’’

উত্তরপাড়া এলাকার একটি স্কুলের এক শিক্ষক আবার জানান, যারা এ ভাবে টুকলি করতে গিয়ে ধরা পড়েছে, তাদের অ্যাডমিট কেড়েও নিয়েছেন কিছু পরীক্ষা কেন্দ্রের নজরদার শিক্ষকেরা। তখন সেই পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে জানিয়েছে, তাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়েছে। আর একটি প্রিন্ট করে দিতে হবে। শিক্ষকেরা তা করেও দিয়েছেন। কিন্তু পরে তাঁরা আসল কারণ জানতে পেরেছেন। শিক্ষকেরা জানাচ্ছেন, ধরা পড়ার পরে বেশির ভাগ ক্ষেত্রেই মানবিক কারণে টুকলি কেড়ে নিয়ে পরীক্ষা দিতে দেওয়া হয়েছে। কিন্তু এমন চলতে থাকলে তা সম্ভব হবে না।

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, ‘‘উচ্চ মাধ্যমিক সংসদ থেকে দেওয়া অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারালে তা ফের ফিরে পাওয়ার প্রক্রিয়াটি দীর্ঘ ছিল। ফলে পরীক্ষার্থীরা তার গুরুত্ব বুঝত। এখন স্কুল থেকে প্রিন্ট আউট দেওয়ার ফলে তারা মনে করছে, আবার স্কুল থেকে পেয়ে যাবে। ফলে তারা অ্যাডমিটে টুকলি করার সাহস পাচ্ছে। আমাদের দাবি, আগামী বার থেকে আগের মতো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অ্যাডমিট ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিক। এতে টুকলির প্রবণতা কমবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Higher Secondary Exam

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy