Advertisement
E-Paper

কলকাতায় পারদ স্বাভাবিকের নীচেই, শীতের আমেজ আর কত দিন? তাপমাত্রা বাড়বে কবে থেকে, জানাল আলিপুর

আপাতত রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। মাঘ ফুরিয়ে এলেও শীতের আমেজ রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। পারদ স্বাভাবিকের নীচে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩১
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে শীতের আমেজ।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে শীতের আমেজ। —ফাইল চিত্র।

কলকাতায় তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচেই রয়েছে। সকালের দিকে শহর এবং শহরতলিতে রয়েছে ঠান্ডার আমেজ। মাঘ ফুরিয়ে এসেছে। শেষ হয়েও যেন শেষ হতে চাইছে না শীত। এই পরিস্থিতি আর কত দিন চলতে পারে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম। শনিবার সর্বোচ্চ তাপমাত্রাও ২৬.২ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি। স্বাভাবিকের চেয়ে তা-ও ২.১ ডিগ্রি কম। গত কয়েক দিন ধরে ধারাবাহিক ভাবে তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। নতুন করে বাড়তে শুরু করেছে ঠান্ডা।

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। নতুন করে দু’ডিগ্রি পারদপতনের পূর্বাভাস দেওয়া হয়েছিল। রবিবার জানানো হয়েছে, তাপমাত্রা বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও আগামী তিন দিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরের চার দিনে আবার ধীরে ধীরে এক থেকে দুই ডিগ্রি চড়বে পারদ।

দক্ষিণবঙ্গের কোথাও কুয়াশার সতর্কতা নেই। দাপট কমেছে উত্তরেও। তবে উত্তরবঙ্গের কিছু জেলায় এখনও সকালের দিকে কুয়াশা থাকছে। আলিপুর জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তার ফলে দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।

দার্জিলিঙে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এর পর উত্তরবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল কালিম্পঙে (১০ ডিগ্রি সেলসিয়াস)। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূমের শ্রীনিকেতনে পারদ নেমেছিল ১১.৩ ডিগ্রিতে। বাঁকুড়াতেও ১১ ডিগ্রির ঘরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ।

West Bengal Weather Weather Today Weather Update Weather Report Weather Forecast Kolkata Winter Kolkata Weather Kolkata Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy