পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তুলতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। প্রশিক্ষণের মাধ্যমে ‘পরিবেশবন্ধু’ তৈরি করার লক্ষ্যে সোমবার কলকাতা পুরসভায় একটি বিশেষ সার্টিফিকেট কোর্সের ঘোষণা করা হয়। মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের উপস্থিতিতে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
এই কর্মসূচির নাম ‘নেট জ়িরো এমিশন ও কার্বন ক্রেডিট’। পরিবেশ দফতর ও কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে। কোর্সের মূল উদ্দেশ্য হল পেশাদার কর্মী, পুরসভার আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং তরুণ স্নাতকদের হাতে-কলমে ব্যবহারযোগ্য পরিবেশ সংক্রান্ত জ্ঞান ও দক্ষতায় প্রশিক্ষিত করে তোলা। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতি ও প্রতিশ্রুতিগুলি বাস্তবে কী ভাবে কার্যকর করা যায়, তা এই প্রশিক্ষণের মাধ্যমে তুলে ধরা হবে। বিশেষ ভাবে নগর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনা, শক্তি দক্ষতা, পরিবহণ ব্যবস্থা এবং সবুজ পরিকাঠামোর উপর গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন:
দু’দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে ১০ ও ১১ ফেব্রুয়ারি। প্রতি দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিকল্পনা ও উন্নয়ন দফতরের কনফারেন্স রুমে প্রশিক্ষণ দেওয়া হবে। মোট ৪৪ জনকে দু’টি ব্যাচে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সের কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকছেন ড. অভিজিৎ মিত্র। এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ একাধিক বিশেষজ্ঞ ও গবেষক প্রশিক্ষক হিসেবে যোগ দেবেন। কলকাতা পুরসভার এই উদ্যোগ শহরের পরিবেশবান্ধব উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।