E-Paper

বাইক দুর্ঘটনায় মৃত তরুণের অঙ্গ পেলেন শহরের তিন রোগী

নিউ টাউনের হাতিয়াড়ার বাসিন্দা সুকুমার সরকার গত ৩১ মে রাতে নতুন বাইক কিনে বাড়ি ফিরছিলেন। ইকো পার্কের কাছে একটি ছোট লরির সঙ্গে ধাক্কা লাগে তাঁর বাইকের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ০৮:৫১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মাত্র ছ’মাস আগে একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি পেয়েছিলেন বছর কুড়ির তরুণ। সেই সঙ্গে দূরশিক্ষায় পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন। বেতনের বেশির ভাগটাই জমিয়ে কিনেছিলেন মোটরবাইক। সেটি নিয়ে শোরুম থেকে বেরিয়েই দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছিলেন তিনি। চার দিন পরে তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হলে পরিজনেরা মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত নেন। ওই তরুণের যকৃৎ ও দু’টি বৃক্ক অন্য রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। চলতি বছরে এটি রাজ্যে তৃতীয় মরণোত্তর অঙ্গদান।

নিউ টাউনের হাতিয়াড়ার বাসিন্দা সুকুমার সরকার গত ৩১ মে রাতে নতুন বাইক কিনে বাড়ি ফিরছিলেন। ইকো পার্কের কাছে একটি ছোট লরির সঙ্গে ধাক্কা লাগে তাঁর বাইকের। মাথায় গুরুতর আঘাত পাওয়া রক্তাক্ত সুকুমারকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ই এম বাইপাসের অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানে স্নায়ু-শল্য চিকিৎসক দেবর্ষি চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। কিন্তু কোনও ভাবেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না সুকুমার। গত বুধবার সেই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন সুকুমারের ব্রেন ডেথ ঘোষণা করা হয়।

এর পরে ওই তরুণের পরিজনেরা মরণোত্তর অঙ্গদানে সম্মতি দিলে ‘রিজিয়োনাল অর্গান অ্যান্ড টিসু ট্রান্সপ্লান্ট অর্গানাইজ়েশন’ (রোটো)-এর মাধ্যমে সুকুমারের যকৃৎ অ্যাপোলোয় চিকিৎসাধীন, সিরোসিসে আক্রান্ত এক রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। তাঁর একটি বৃক্ক এসএসকেএমে চিকিৎসাধীন এক জনের শরীরে এবং অন্যটি আর এন টেগোর হাসপাতালে চিকিৎসাধীন আর এক রোগীর শরীরে প্রতিস্থাপিত করা হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে প্রতিস্থাপনের অস্ত্রোপচার হওয়া তিন জনেরই শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে, সুকুমারের ফুসফুস ও হৃদ্পিণ্ড প্রতিস্থাপনের জন্য এ রাজ্যে গ্রহীতা না মেলায় ‘রিজিয়োনাল অর্গান অ্যান্ড টিসু ট্রান্সপ্লান্ট অর্গানাইজ়েশন’ (রোটো)-এর মাধ্যমে অন্যত্র খোঁজ করা শুরু হয়। কিন্তু ভিন্ রাজ্যেও কোনও গ্রহীতার খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Newtown Brain Death

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy