প্রায় শেষলগ্নে ২০২৫ সাল। নতুন বছরকে বরণ করতে প্রস্তুত কলকাতা। বছরের শেষ দিন উপভোগ করতে তাই খামতি রাখতে চান না অনেকেই। সকাল থেকেই দলে দলে বেরিয়ে পড়েছেন। কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ পরিবারকে নিয়ে! অনেকে আবার ঘুরেছেন প্রেমিক বা প্রেমিকার হাত ধরে। কারও পছন্দ চিড়িয়াখানা, কেউ আবার ছুটেছেন ইকো পার্কে। পিকনিকের মুডে সময় কাটিয়েছেন সেখানে। আবার কারও পছন্দের তালিকায় ছিল ভিক্টোরিয়া, জাদুঘর, নিক্কো পার্ক।
বছরের শেষ দিনে আনন্দবাজার ডট কম বাছল কলকাতার পাঁচ দর্শনীয় স্থান। ভিড় টানার ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই চলল চিড়িয়াখানা, ইকো পার্ক এবং ভিক্টোরিয়ার মধ্যে। খুব একটা ভাল ‘ফল’ করতে পারল না নিক্কো পার্ক। কেমন ভিড় হল জাদুঘরে? বড়দিনের মতো বছরের শেষ দিনেও অনেকেই ঘুরতে বেরিয়েছিলেন! এই দিনটি উদ্যাপনের জন্য বাইরে থেকেও বহু মানুষ কলকাতায় আসেন।
বড়দিনের মতো বছরের শেষ দিনেও কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় হবে, তার আন্দাজ ছিল। এই সব দর্শনীয় স্থানে প্রতি বছরই বিশেষত বড়দিন, বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিন (পয়লা জানুয়ারি) ভিড় হয়। এ বছরও তার অন্যথা হয়নি। বড়দিনে কলকাতার সব দর্শনীয় স্থানকে টেক্কা দিয়ে ভিড়-মিটারে এগিয়ে ছিল ইকো পার্ক। তবে বছরের শেষ দিনে সেই শিরোপা অল্পের জন্য খোয়াল সবুজেঘেরা পার্কটি। ভিড় টানল চিড়িয়াখানা।
হিসাব বলছে, বছরের শেষ দিনে ইকো পার্কে ভিড় হয়েছিল ২২,২০০। সেখানে চিড়িয়াখানার ভিড় ছিল ২৭,৮৪৪! তবে বড়দিনে এই ইকো পার্কেই ভিড় হয়েছিল ৫০,৭০০। চিড়িয়াখানায় বড়দিন উদ্যাপন করেছিলেন ৪৪,৬৫৪ জন। আশাহত হচ্ছে না ইকো পার্ক। বছরের প্রথম দিনে সেখানে ভিড় বেশি হবে বলে মনে করছেন অনেকে। কারণ, বছরের শেষ দিন বুধবার— অনেক অফিসই খোলা ছিল। তবে ১ জানুয়ারি অনেক অফিস-দোকান বন্ধ থাকবে। তাই অনেকেই পিকনিক করতে পাড়ি দেবেন ইকো পার্কে।
আরও পড়ুন:
শহরের আরও এক জনপ্রিয় দর্শনীয় স্থান হল ভিক্টোরিয়া মেমোরিয়াল। প্রতি রবিবার বা ছুটির দিনেই এখানে ভিড় জমান অনেকে। ভিক্টোরিয়া ঘুরে দেখা তো বটেই, মাঠে বসে খানিক আড্ডাও জমান কেউ কেউ। বছরের শেষ দিনটা ভিক্টোরিয়ায় কাটাতে এসেছিলেন ২১,৫০০ জন। বড়দিনের পরিসংখ্যান বলছে, ভিক্টোরিয়ায় ভিড় করেছিলেন ৩৪,১৫১ জন! ভিক্টোরিয়ার ভিতরের জাদুঘর বৃহস্পতিবার খোলা থাকে না। তাই বছরের প্রথম দিন যাঁরা ভিক্টোরিয়া আসবেন তাঁরা উপভোগ করতে পারবেন বাইরের বাগানটি। সেখানেই শীতের মিঠে রোদে জমিয়ে সময় কাটানো যেতেই পারে।
নিক্কো পার্ক বা জাদুঘরে তেমন ভিড় হয়নি। তবে ভিড়ের নিরিখে দুই দর্শনীয় স্থানের মধ্যে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। বুধবার সন্ধ্যার পরিসংখ্যান বলছে জাদুঘরে সারা দিনে এসেছিলেন ৫,৬০০ জন। আর নিক্কো পার্কে বছরের শেষ দিন উপভোগ করতে গিয়েছিলেন ৫,৫২৩ জন। এই পাঁচ জায়গা ছাড়াও শহরের আরও অনেকগুলি দর্শনীয় স্থানে ভিড় হয়েছিল। সেই তালিকায় ছিল নিউ টাউনের হরিণালয় বা সায়েন্স সিটি। বিকেল গড়াতেই পার্ক স্ট্রিট বা বো ব্যারাক্সে তিল ধারণে জায়গা নেই। বছরের শেষ দিনটাকে ভাল ভাবে উপভোগ করতে খামতি রাখতে নারাজ অনেকেই।