Advertisement
E-Paper

টুকরো খবর

সোনার পাত। তার উপরে রুপোলি রঙের কয়েকটি আস্তরণ। ট্রলি ব্যাগের ভিতরে ওই পাত অনেকটা ফিতের মতো লাগানো। সেই ব্যাগ নিয়েই মঙ্গলবার রাতে কলকাতায় নেমেছিলেন আব্দুল সামাদ (২৮)। এক্স-রেতে দেখা গেল, ব্যাগে রয়েছে ধাতব পাত। তাতেই সন্দেহ হয় বিমানবন্দরের শুল্ক অফিসারদের।

শেষ আপডেট: ০৫ জুন ২০১৪ ০০:৩২

ব্যাগে ফের সোনা, ধৃত বিমানযাত্রী

নিজস্ব সংবাদদাতা

সোনার পাত। তার উপরে রুপোলি রঙের কয়েকটি আস্তরণ। ট্রলি ব্যাগের ভিতরে ওই পাত অনেকটা ফিতের মতো লাগানো। সেই ব্যাগ নিয়েই মঙ্গলবার রাতে কলকাতায় নেমেছিলেন আব্দুল সামাদ (২৮)। এক্স-রেতে দেখা গেল, ব্যাগে রয়েছে ধাতব পাত। তাতেই সন্দেহ হয় বিমানবন্দরের শুল্ক অফিসারদের। সেই পাত বার করতে কালঘাম ছুটে যায় তাঁদের। শেষে উদ্ধার হয় ২ কেজি ২৬১ গ্রাম সোনা। যার বাজারদর ৫৮ লক্ষ ৭৯ হাজার টাকারও বেশি। গ্রেফতার করা হয়েছে সামাদকে। শুল্ক অফিসারেরা জানান, সামাদ আদতে কেরলের বাসিন্দা। ওই রাতে উড়ানে দোহা থেকে কলকাতায় আসেন তিনি। তাঁর পাসপোর্ট ঘেঁটে অফিসারেরা দেখেন, নানা দেশে ঘুরে বেড়ান তিনি এবং দেশে ফেরার সময়ে এক-এক বার এক একটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন। কখনও দিল্লি, কখনও মুম্বই, কখনও বেঙ্গালুরু। এই প্রথম তিনি কলকাতায় নামেন। এ ভাবে বিভিন্ন বিমানবন্দর ব্যবহারের জন্য প্রথমেই সামাদের উপরে সন্দেহ হয় অফিসারদের। তার উপরে ট্রলি ব্যাগে ওই পাত! এক অফিসার বলেন, “পাতের এক অংশ কেটে প্রথমে নাইট্রিক অ্যাসিডে ভিজিয়ে দেখা হয়। তাতে রুপোলি রং উঠে গেলেও ভিতরে টিনের মতো এক ধরনের বস্তু বেরিয়ে পড়ে। সেটিকে আলাদা করে ঘষামাজা করে দেখা মেলে সোনার। এর পরে ওই পাত ভেঙে ভেঙে ছাড়িয়ে আনা হয় ব্যাগ থেকে।” ওই রাতেই রক্তচন্দন কাঠ পাচার করার পথে বিমানবন্দরে ধরা পড়েন এই শহরেরই তিন বাসিন্দা। শুল্ক দফতর সূত্রে খবর, মহম্মদ আলি, মহম্মদ ইজরায়েল ও রবিপ্রসাদ শাহ নামে ওই তিন জন ব্যাঙ্কক যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁদের কাছে মোট ১০৮ কেজি চন্দন কাঠ মিলেছে, যার বাজারদর প্রায় ১০ লক্ষ টাকা।

Advertisement

লাইসেন্সহীন দোকান সিল, প্রতিবাদে বন্ধ নিউ মার্কেট

নিউ মার্কেটের একটি দোকানের ‘লাইসেন্স ফি’ দীর্ঘ দিন ধরেই জমা পড়ছিল না। পুরসভার দাবি, এর জন্য প্রায় দেড় বছর সময় দেওয়া হয়েছিল। শেষে মঙ্গলবার রাতে দোকানটি ‘সিল’ করে দেন পুর-কর্তৃপক্ষ। এই ঘটনার প্রতিবাদে বুধবার সারা দিন নিউ মার্কেটের বেশির ভাগ দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ফলে জামাইষষ্ঠীর দিন কেনাকাটা করতে এসে অসুবিধায় পড়েন ক্রেতারা। পরে পুর-কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলোচনার পরে সমস্যার সমাধান হয়। আজ, বৃহস্পতিবার থেকে নিউ মার্কেটের সব দোকান খোলা থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কলকাতা পুরসভার বাজার দফতরের মেয়র পারিষদ তারক সিংহ বলেন, “লাইসেন্স যাঁর নামে ছিল, দেড় বছর আগে তিনি মারা যাওয়ার পরে দোকানটির লাইসেন্স কে নেবেন তা নিয়ে মৃতের পরিবারকে পুরসভার কাছে আবেদন করতে বলেছিলাম। কিন্তু এ নিয়ে মৃতের দুই ছেলের মধ্যে বিবাদ চলছিল। বাধ্য হয়েই দোকানটি বন্ধ করে দিয়েছি।” হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক গুপ্ত বলেন, “কাউকে না জানিয়ে রাতে দোকান সিল করে দেওয়ার বিরুদ্ধেই বেশির ভাগ দোকান বন্ধ ছিল।” পুর-কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ অস্বীকার করে জানান, দোকান বন্ধের ব্যাপারে বহু বার জানানো হয়েছে।

দুর্ঘটনা, মৃত পুলিশকর্মী

ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হল এক গ্রিন পুলিশকর্মীর। বুধবার, মল্লিকঘাট পাম্পিং স্টেশনের কাছে। মৃতের নাম গণেশ সর্দার (৪৫)। সদানন্দ দাস নামে ওই ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে পুলিশ। আটক হয়েছে ট্যাক্সিটি। পুলিশ জানায়, এ দিন বিকেলে ডিউটি করছিলেন হাওড়া ট্রাফিক গার্ডের ওই পুলিশকর্মী। আচমকাই একটি গাড়িকে কাটাতে গিয়ে ট্যাক্সিটি তাঁকে ধাক্কা মারে। হাসপাতালে গণেশবাবুকে মৃত ঘোষণা করা হয়। এ দিনই টালিগঞ্জ ট্রাম ডিপোর সামনে মোটরবাইকের ধাক্কায় আহত হন টালিগঞ্জ ট্রাফিক গার্ডের এক কনস্টেবল বিকাশ কোটাল। তিনি হাসপাতালে ভর্তি।

তোলাবাজ ধৃত

তোলাবাজির অভিযোগে এক যুবক গ্রেফতার হয়েছে। বুধবার, ধর্মতলা এলাকা থেকে। ধৃতের নাম অনিমেষ দত্ত ওরফে রাজা। একটি খুনের মামলায় জামিনে মুক্ত ছিল সে। পুলিশ জানায়, গত ২৯ মে লেক থানায় এক প্রোমোটার রাজার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ওই দিন সন্ধ্যায় অশ্বিনী দত্ত রোডে তাঁর দোকানে এসে রাজা ২৫ লক্ষ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় রাজা তাঁকে হুমকি দেয়। এর পরেই পুলিশে অভিযোগ করেন তিনি। পুলিশ জানায়, ধৃতের থেকে প্রেসকার্ড ও পুলিশ কার্ড মিলেছে।

গুদামে আগুন

পুড়ে গেল প্লাস্টিকের মালপত্র ঠাসা একটি গুদাম। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ, জোড়াবাগান থানার দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটে। দমকল সূত্রে খবর, এ দিন ওই এলাকার একটি দোতলা বাড়ির একতলায় গুদামটিতে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আধ ঘণ্টায় আগুন নেভায়। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই বিপত্তি।

যুবক গ্রেফতার

চুরি যাওয়া সোনার চেন-সহ গ্রেফতার হল এক যুবক। মঙ্গলবার, মহেশতলা মিস্ত্রিপাড়া থেকে। ধৃতের নাম গোপাল দাস। উদ্ধার হয়েছে পাঁচটি সোনার চেন। পুলিশ জানায়, তিন-চার মাস আগে কলাকার স্ট্রিটের একটি সোনার দোকানে কাজ নেয় গোপাল। গত ২৯ মে ছ’টি সোনার চেন চুরি করে পালায় সে।

বন্দরে বোমা

বন্দর এলাকায় বোমাবাজিকে কেন্দ্র করে বুধবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ জানায়, এক দল দুষ্কৃতী রাতে আব্দুল কাদের নামে জাহাজ সংস্থার তৃণমূল ইউনিয়নের এক নেতার বাড়ি লক্ষ করে ইটপাটকেল ও বোমা ছোড়ে। ওই ঘটনার পরেই আব্দুল একবালপুর থানায় গিয়ে এফআইআর দায়ের করেন।

কলকাতার একটি নাট্যোৎসবে যোগ দিতে এল লিথুয়ানিয়া, রোমানিয়া, ভুটানের মতো দেশ।
কালিন্দী ব্রাত্যজন আয়োজিত এই নাট্যোৎসব শুরু হচ্ছে আজ, বৃহস্পতিবার। স্টার থিয়েটারে উৎসব চলবে ১১ জুন পর্যন্ত।
এই উৎসবের এ বার তৃতীয় বছর। এর আগে তাঁদের নাট্যোৎসবে ইতালি যোগ দিয়েছে বলে জানান কালিন্দী ব্রাত্যজনের
অধিকর্তা, পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “বাংলা ছাড়া অন্য ভাষার নাটক দেখার উৎসাহ খুব কম। এটা বাড়াতে হবে।
আমাদের বিশ্বাস, নাটকের কোনও ভাষা নেই।” বুধবার অক্সফোর্ড বুকস্টোরে লিথুয়ানিয়ার এক শিল্পী এবং
দূতাবাসের এক পদস্থ অফিসারের সঙ্গে পর্যটন মন্ত্রী। ছবি: স্বাতী চক্রবর্তী।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy