কলকাতা পুরসভার বিদ্যুৎ ‘চুরি’ করে হোর্ডিংয়ে জনগণকে আলোয় ‘শুভেচ্ছা’ জানাচ্ছেন তৃণমূলেরই এক কাউন্সিলর।
বৃহস্পতিবার তেমনই কয়েকটি হোর্ডিং দেখা গেল দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরে। ওই এলাকার একটি অংশ কলকাতা পুরসভার ১০৫ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। কাউন্সিলর তরুণ মণ্ডল। রাস্তার ধারে লাইট পোস্টে লাগানো হয়েছে গ্লোসাইন বোর্ড। সেখানে মূলত শারদীয়া এবং দীপাবলীর শুভেচ্ছা জানানো হয়েছে। বোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনওটাতে সুব্রত বক্সী, কোনওটায় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। প্রতি হোর্ডিংয়ের নীচে অবশ্য ওয়ার্ডের কাউন্সিলর তরুণবাবুর ছবি। শক্ত ভিতের উপরে রাস্তার পাশে ফুটপাথে লাগানো হয়েছে ওই গ্লোসাইন বোর্ড। রাত হলেই ওই বোর্ডের ভিতরে থাকা আলো জ্বলছে। আর সেই আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে রাস্তার পাশে থাকা পুরসভারই বাতিস্তম্ভ থেকে। হুকিং করার সেই চিত্র বাইরে থেকেই পরিষ্কার।
জনপ্রতিনিধি হয়েও কেন হুকিং করছেন? সরাসরি প্রশ্ন করা হয়েছিল ওই কাউন্সিলরকে। তরুণবাবুর জবাব, ‘‘যাঁকে ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি তাড়াহুড়ো করতে গিয়ে পুরসভার বাতিস্তম্ভ থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ফেলেছেন। আমাদের পার্টি অফিস থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য তাঁকে বলা হয়েছিল।’’ তরুণবাবু জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই ওই লাইন কেটে দেওয়া হবে। পার্টি
অফিস থেকেই বিদ্যুৎ সংযোগ নিয়ে তা জ্বালানো হবে।
এ ব্যাপারে পুরসভার আলো দফতরের মেয়র পারিষদ মনজার ইকবাল বলেন, ‘‘খবর নিয়ে দেখছি।’’ রাতে তরুণবাবু জানান, মেয়র পারিষদ তাঁকে ফোন করেছিলেন। তখনই জানিয়ে দেওয়া হয়েছে, রাতেই ওই বিদ্যুৎ সংযোগ খুলে দেওয়া হবে।