E-Paper

মহিলা পুলিশের ব্যাটালিয়ন গড়তে উদ্যোগ

বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের নিরাপত্তায় এক গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। যার মধ্যে অন্যতম মহিলা পুলিশকর্মীদের ব্যাটালিয়ন গঠন। মনে করা হচ্ছে, সেই প্রতিশ্রুতি পূরণেই তড়িঘড়ি এই উদ্যোগ।

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৯:১৬
লালবাজার।

লালবাজার। —ফাইল চিত্র।

আইন-শৃঙ্খলা রক্ষায় এ বার মহিলা পুলিশকর্মীদের নিয়ে ব্যাটালিয়ন গড়ার পরিকল্পনা করছে লালবাজার। বর্তমানে রাজ্য পুলিশে মহিলা পুলিশকর্মীদের নিয়ে গঠিত একটি প্ল্যাটুন থাকলেও কলকাতা পুলিশে মহিলা ব্যাটালিয়ন নেই। এক পুলিশকর্তা জানান, মহিলা ব্যাটালিয়ন তৈরির জন্য লালবাজারের দুই কর্তাকে দায়িত্ব দিয়েছেন নগরপাল। আশা করা যায়, দ্রুত সেই ব্যাটালিয়ন তৈরির কাজ শুরু হবে।

বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের নিরাপত্তায় এক গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। যার মধ্যে অন্যতম মহিলা পুলিশকর্মীদের ব্যাটালিয়ন গঠন। মনে করা হচ্ছে, সেই প্রতিশ্রুতি পূরণেই তড়িঘড়ি এই উদ্যোগ। বর্তমানে কলকাতা পুলিশের আটটি সশস্ত্র ব্যাটালিয়ন রয়েছে। এ ছাড়াও আছে র‌্যাফ। তাতে মহিলা স্কোয়াড থাকলেও সেটি পৃথক ব্যাটালিয়ন নয়। সূত্রের দাবি, বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনের বিক্ষোভ-সমাবেশে ও মিছিলে মহিলাদের আটকাতে গিয়ে বেগ পেতে হয় পুলিশকে। তাই মহিলা ব্যাটালিয়ন হলে বিক্ষোভ-সমাবেশে মহিলাদের সামলাতে সুবিধা হবে পুলিশের।

এর পাশাপাশি প্রতিটি ডিভিশনে ২০ জন মহিলা সদস্য নিয়ে একটি র‌্যাফ ইউনিট তৈরি করা হচ্ছে। কলকাতা পুলিশে বর্তমানে দশটি ডিভিশন রয়েছে। এর জন্য যোগ্য মহিলা পুলিশকর্মীদের চিহ্নিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন যুগ্ম নগরপাল (প্রশিক্ষণ)। বর্তমানে কলকাতা পুলিশের যে মহিলা র‌্যাফ ইউনিট আছে, সেখান থেকে পুলিশকর্মীদের নিয়ে এসে আইন-শৃঙ্খলা রক্ষার ডিউটি করানো হয়। পুলিশের একাংশের দাবি, এই ব্যবস্থা চালু হলে প্রতিটি ডিভিশনে প্রয়োজনে মহিলা র‌্যাফ ইউনিটকে দ্রুত মোতায়েন করা যাবে।

সূত্রের খবর, এর সঙ্গেই মহিলাদের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের যে মহিলা বাহিনী বা ‘উইনার্স’ টিম রয়েছে, তাদের উপস্থিতি যাতে সব সময়ে চোখে পড়ে, তা নিশ্চিত করতে নির্দেশ দেন নগরপাল। ‘উইনার্স’-এর সদস্যদের জন্য নিয়মিত আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থাও করতে বলেছেন নগরপাল। পুলিশের যে টহলদার দল আছে, তাতে মহিলা সদস্যদের বেশি করে কাজে লাগাতেও বলা হয়েছে। কলকাতায় বর্তমানে বেশ কয়েকটি এলাকায় মহিলা বাহিনী টহলদারি ভ্যান নিয়ে টহল দিয়ে থাকে।

লালবাজার জানিয়েছে, বর্তমানে বাহিনীতে মহিলা পুলিশকর্মীর ঘাটতি রয়েছে। মহিলা ব্যাটালিয়ন তৈরি করার জন্য তাই নতুন করে মহিলা পুলিশকর্মী নিয়োগ করা হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Lalbazar West Bengal Police

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy