Advertisement
E-Paper

‘কালো শাড়ি পরে হাঁড়ি-কড়াই হাতে পথে নামুন’! রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার মিছিলের ডাক দিলেন মুখ্যমন্ত্রী

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে বিঁধেছেন মমতা। এ রকম পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়ে আগে কেন ভাবেনি কেন্দ্রীয় সরকার, সেই প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৪:৫৭
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

দেশে রান্নার গ্যাসের দাম বেড়েছে। তার প্রতিবাদে রবিবার, আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের পথে নামার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার ধর্নাস্থল থেকে তিনি মহিলাদের কালো শাড়ি পরে হাতা, খুন্তি নিয়ে মিছিলে উপস্থিত হতে বলেন। তবে তিনি পরবেন সাদা শাড়ি, সে কথাও জানিয়েছেন। এই মিছিল কোথা থেকে কখন হবে, তার পরিকল্পনা করার দায়িত্ব মমতা দিয়েছেন তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। মিছিলের সময় এখনও স্থির হয়নি। তৃণমূল সূত্রের খবর, শনিবার সন্ধ্যার মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে।

শুক্রবার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় ৬০ টাকা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। সেই নিয়েই রবিবার, আন্তর্জাতিক নারী দিবসে মিছিলের ডাক দিলেন মমতা। তিনি শনিবার বলেন, ‘‘গ্যাসের দাম বেড়েছে। মহিলা ভোটারদের নাম কেটেছে। কাল (রবিবার) মিছিল হবে। গ্যাস নাই, রান্না নাই, খাবার নাই! হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি হাতা, খুন্তি নিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক নারী দিবসে।’’ মমতার কথায়, ‘‘মহিলাদের ভোট কেটেছে বলে, সে সংখ্যালঘু হোক, জনজাতি হোক, রাজবংশী হোক, তফসিলি হোক, শুধু মানবিকতা পালনের জন্য মা-বোনেরা রাস্তায় নামুন, প্রতিবাদ করুন।’’ তিনি মহিলাদের মিছিলে কালো শাড়ি পরে আসার জন্যও জানান। এ প্রসঙ্গে তিনি আইনজীবীদের কালো কোটের প্রসঙ্গ তোলেন। তাঁর কথায়, ‘‘যে ভাবে আইনজীবীরা কালো কোট পরে কোর্টে যান, তেমন কালো শাড়ি পরে প্রতিবাদ জানাবেন। আইনজীবীরা কালো কোট পরেন বিচারের জন্য। আমি সাদা পরব, আপনারা কালো পরুন।’’

রবিবারও ধর্মতলায় ধর্না চলবে কি না, তা এখনও তৃণমূলের তরফে স্পষ্ট করা হয়নি। তবে মমতা বলেন, ‘‘কাল (শনিবার) মিছিল শেষে মা-বোনেরা যখন এখানে (ধর্মতলা) আসবেন, তাঁরা হাঁড়ি, কড়াই নিয়ে আসবেন। পারলে গ্যাসের ওভেনও আনবেন। রান্না করবেন কী ভাবে! কাঁচা আনাজও আনবেন।’’ তবে তার পরেই তিনি সতর্ক করেছেন, ‘‘এটা (কর্মসূচি) প্রতিবাদের জন্য, অশান্তির জন্য নয়। প্রতিবাদের ভাষা বেছে নিতে হবে। ওরা (বিজেপি) মহিলা-বিরোধী।’’

এর পরে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে বিঁধেছেন মমতা। তিনি বলেন, ‘‘গত কাল (শুক্রবার) ৬০ টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। তিন দিন আগে ৪৯ টাকা বাড়িয়েছে। বড় সিলিন্ডারের দাম ২,১০০ টাকা। ছোট সিলিন্ডার ১,০০০ টাকা হয়েছে। ২১ দিন আগে বুক করতে হবে। গ্যাস না থাকলে কার মাথা খেয়ে থাকবেন!’’ মনে করা হচ্ছে, পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতির কারণেই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। এ রকম পরিস্থিতি যে আসতে পারে, তা আগে কেন ভাবেনি মোদী সরকার, তা নিয়েও প্রশ্ন করেছেন মমতা। তাঁর কথায়, ‘‘এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের? ওদের কমরেড বলি। কমরেড শব্দে শ্রদ্ধা করি। বেনামি কমরেডদের নয়।’’

মমতা এখানেই থামেননি। তিনি বলেন, ‘‘আগে কী করছিলেন? ঘুমোচ্ছিলেন? না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মালা পরে এসেছিলেন দেশকে বেচে দিয়ে।’’ মমতার কথায়, ‘‘যাঁর ঘরে গ্যাস নেই, ২১ দিন অপেক্ষা করতে হবে? কেরোসিনও নেই যে স্টোভ জ্বালাবে, কোটা বন্ধ। কার মাথা চেবাবে, আমাদের, না আপনাদের? বাস্তব জীবনে যা প্রয়োজন, সকলের প্রয়োজন, তা নেই। কেন উপহার নেওয়ার আগে, কানমলা খাওয়ার আগে পরিকল্পনা করেননি? জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন!’’ মমতার কটাক্ষ, মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে, তার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

রান্নার গ্যাসের (১৪.২ কেজি সিলিন্ডার) দাম বেড়েছে ৬০ টাকা। ফলে ৮৭৯ টাকা থেকে বেড়ে সিলিন্ডার প্রতি দাম হয়েছে ৯৩৯ টাকা। বাণিজ্যিক গ্যাসের (১৯ কেজি সিলিন্ডার) আগে দাম ছিল ১,৮৭৫ টাকা ৫০ পয়সা। দাম বাড়ল ১১৪ টাকা ৫০ পয়সা। যার জেরে সিলিন্ডার প্রতি দাম হচ্ছে ১,৯৯০ টাকা। প্রসঙ্গত, গত ১ মার্চ বাণিজ্যিক গ‍্যাস সিলিন্ডার প্রতি দাম বেড়েছিল ৩১ টাকা। যদিও সে বারে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম বাড়েনি। কিন্তু পাঁচ দিনের মাথায় দু’ধরনের গ্যাসের দামই বাড়ল।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy